Sukanta, BJP, ওঁকে আমার খুব পছন্দ! গণেশ পুজোতে সুপারস্টারের বাড়িতে গিয়ে দেব সম্পর্কে এ কথা বলে কোন জল্পনা উস্কে দিলেন সুকান্ত?

আমাদের ভারত, ১৫ সেপ্টেম্বর: প্রত্যেক বারের মতো এবারও সাংসদ তথা অভিনেতা দেবের বাড়িতে হয়েছে গণেশ পূজো। তবে প্রতিবার এই পুজোকে ঘিরে তারকাদের আনাগোনাই ক্যামেরা বন্দি হয়। কিন্তু এ বছর তা এক অন্য মাত্রা নিয়েছে। রাজনৈতিক মত পার্থক্য ও বিতর্ক ভুলে দেবের বাড়িতে গণেশ পুজোয় উপস্থিত হলেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার।

রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতিতে শাসক ও বিরোধী শিবিরের দুই গুরুত্বপূর্ণ নেতাদের এই সাক্ষাৎ ঘিরে স্বাভাবিক ভাবেই তৈরি হয়েছে তীব্র জল্পনা। দেব ও সুকান্তকে এক ফ্রেমে দেখে রাজনৈতিক মহলেও প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে কি দেব এবার সরাসরি পদ্ম শিবিরের দিকে এগোচ্ছেন।

এদিন দেবের বাবা গুরুপদ অধিকারী বেশ কিছুক্ষণ কথা বলেন সুকান্ত মজুমদারের সঙ্গে। হলুদ রঙের পাঞ্জাবি পরে বিজেপি নেতার পাশে হাসিমুখে একাধিক ছবি তুলতে দেখা যায় দেবকে।

তবে সাক্ষাৎ ঘিরে যে রাজনৈতিক গুঞ্জন শুরু হয়েছে তা উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “এর মধ্যে দয়া করে কেউ কোনো রাজনৈতিক অভিসন্ধি খোঁজার চেষ্টা করবেন না, কারণ দেবের সঙ্গে আমার সম্পর্ক আজকের নয়, বহু পুরনো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনেও যখন তৃণমূল কংগ্রেসের স্টার প্রচারক হিসেবে আমার কেন্দ্রে সভা করতে গিয়েছিল তখনো মঞ্চ থেকে জনসমক্ষে বলেছিল আমার সঙ্গে ওর ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো। দেব সেদিন স্পষ্ট বলেছিল যে ভালো মানুষ সেই-ই জিতবে। ওর এই উদার মনোভাবের জন্যই ওকে আমার খুব পছন্দ।” সুকান্ত আরো যোগ করেন যে, দেব তার কাছে ছোট ভাইয়ের মতো। তিনি দেবের দাদা ও বন্ধুর স্থানে রয়েছেন। বয়সে দেবের থেকে কিছুটা বড় হওয়ার সুবাদে দেবের ব্যক্তিগত আমন্ত্রণেই তিনি পুজোর দ্বিতীয় দিনে তার বাড়িতে উপস্থিত হয়েছেন। ধর্মীয় ও সামাজিক উৎসবকে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে রাখা উচিত বলেই মন্তব্য করেছেন সুকান্ত মজুমদার।

গত কয়েক বছর ধরেই ধুমধাম করে নিজের বাড়িতে গণেশ চতুর্থী পালন করে আসছেন দেব। সেই পুজো উপলক্ষে বিজেপির হেভিওয়েট নেতার উপস্থিতি যে নতুন করে জল্পনার জন্ম দিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *