SFI, Midnapur, শিক্ষা নীতি বাতিল-সহ একাধিক দাবিতে ডিআই অফিসে এসএফআইয়ের বিক্ষোভ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৬ সেপ্টেম্বর: জাতীয় শিক্ষা নীতি ২০২০ বাতিল, শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধি, সমস্ত বিদ্যালয়ে শূন্যপদে দ্রুত নিয়োগ এবং শিক্ষায় গৈরিকীকরণ বন্ধ- সহ একাধিক দাবিতে পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শক (ডিআই) দফতরে অভিযান ও বিক্ষোভ কর্মসূচি পালন করলো স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া (এসএফআই)।

বুধবার এসএফআইয়ের উদ্যোগে মেদিনীপুর শহরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। সংগঠনের কর্মী- সমর্থকরা বিভিন্ন দাবির সমর্থনে স্লোগান দিতে দিতে শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করেন। পরে মিছিলটি এসে পৌঁছোয় পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় পরিদর্শকের দফতরের সামনে। সেখানে সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হয়।

এসএফআইয়ের অভিযোগ, অর্থের অভাব এবং পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। বহু বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষাকর্মীর শূন্যপদ পূরণ না হওয়ায় পঠনপাঠন ব্যাহত হচ্ছে বলেও অভিযোগ সংগঠনের। পাশাপাশি বিদ্যালয় ছুটের (ড্রপআউট) সংখ্যাও বাড়ছে বলে দাবি করেছে এসএফআই।

এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে এসএফআই নেতা রণিত বেরা বলেন, “সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে। অর্থ ও পরিকাঠামোর অভাবে পশ্চিম মেদিনীপুর জেলার স্কুল শিক্ষা ব্যবস্থা তলানিতে ঠেকেছে। স্কুলে স্কুলে ড্রপআউট বাড়ছে। এ চলতে পারে না। সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে হবে।”

সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, সরকারি বিদ্যালয়গুলির পরিকাঠামো উন্নয়নে পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে হবে। একইসঙ্গে বিদ্যালয়গুলিতে দীর্ঘদিন ধরে খালি থাকা শিক্ষক ও শিক্ষাকর্মীর পদগুলি দ্রুত পূরণ করতে হবে। শিক্ষাক্ষেত্রে গৈরিকীকরণের অভিযোগ তুলে তা বন্ধ করারও দাবি জানানো হয়।

বিক্ষোভ কর্মসূচি শেষে এসএফআইয়ের জেলা নেতৃত্বের পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের জেলা বিদ্যালয় পরিদর্শকের কাছে বিভিন্ন দাবি সম্বলিত একটি ডেপুটেশন জমা দেওয়া হয়। সংগঠনের নেতারা জানান, সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং ছাত্র- ছাত্রীদের স্বার্থে তাদের আন্দোলন আগামী দিনেও চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *