আমাদের ভারত, ১৯ নভেম্বর: স্বদেশী এবং আত্মনির্ভরতাকে কেবল আলোচনার গণ্ডিতেই আবদ্ধ না রেখে বাস্তব ক্ষেত্রেও তার প্রয়োগের জন্য দেশের শিল্পমহল তথা কর্পোরেট লিডারদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার নয়া দিল্লিতে ভারত মণ্ডপমে ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ও বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে মহাত্মা গান্ধীর প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমার কথা মানুন বা না মানুন, গান্ধীজীর কথা তো মানুন। আমদানি নির্ভরতা কমিয়ে পণ্যের গুণমান বাড়িয়ে বিশ্ব বাজারে প্রতিযোগিতার জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, গত কয়েক বছরে সরকারের অন্যতম লক্ষ্য ছিল সারাদেশে ব্যবসা- বাণিজ্যের পরিবেশকে আরো সুষ্ঠু ও সহজ করে তোলা। ২০১৪ সালে কর্পোরেট করের বেসিক হার ছিল ৩০%। যা কমিয়ে ২২ শতাংশ করা হয়েছে। এছাড়াও বর্তমানে ১২ লক্ষ পর্যন্ত আয়কর দিতে হয় না বলে উল্লেখ করেন মোদী।
এরপর শিল্পপতিদের উদ্দেশ্যে কটাক্ষ করে তিনি বলেন, আমি জানি আপনারা হাততালি দেবেন না, আপনাদের ভালো করেই চিনি। আপনাদের চাহিদার শেষ নেই। যতই দেওয়া হোক তাতেও আপনাদের পেট ভরবে না। আমি ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়কর ছাড় দিয়েছি, কিন্তু আপনারা কি নিজেদের কর্মীদের বেতন বাড়িয়েছেন? কর্মীর সংখ্যা বাড়িয়েছেন? না তেমন কিছুই করেননি। শুধু ভাবছেন মোদী যা করার করুন বাকিটা আমরা বুঝে নেব, কিন্তু এভাবে কি চলতে পারে?
ভারতের শিল্প মহলের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ১০০ বছর আগে গান্ধীজী যে স্বদেশী ও আত্মনির্ভরতার আদর্শ তুলে ধরেছিলেন আজও যদি সেই একই বিষয় নিয়ে আলোচনা চলতে থাকে তবে এত বছর ধরে দেশের শিল্পজগৎ কী করছে? একশো বছরের বেশি পেরিয়ে গেলেও কেন তাকে স্বদেশি- দেশি উৎপাদনের বিষয়ে মহাত্মা গান্ধীর বার্তা বারবার আওড়ে যেতে হচ্ছে।
প্রধানমন্ত্রীর বার্তা, সরকারি সুযোগ সুবিধা বা সুরক্ষার উপর নির্ভর না করে ভারতীয় শিল্প ক্ষেত্রকে দেশীয় উৎপাদক অর্থনৈতিক রূপান্তরের বড় দায়িত্ব নিতে হবে। আগামী কুড়ি বছর ধরে প্রতিটি বড় দীর্ঘ মেয়াদী লগ্নি সংক্রান্ত সিদ্ধান্তে ভারত সবার আগে এ নীতি অনুসরণ করার পাশাপাশি আত্মনির্ভর ভারতকে মূল লক্ষ্য করে ভারতীয় পুঁজিপতিদের এগিয়ে আসার আহ্বান জানান মোদী।

