Vidyasagar University, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃ- বিজ্ঞান বিভাগ ও ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ কলকাতা সার্কেলের যৌথ উদ্যোগে বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উদযাপন

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ নভেম্বর: বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নৃ- বিজ্ঞান বিভাগ এবং ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (ASI), কলকাতা সার্কেলের যৌথ উদ্যোগে ২০২৬ সালের ১৯ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিশ্ব ঐতিহ্য সপ্তাহ (World Heritage Week) উদযাপিত হচ্ছে। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমতী গৌরী বসু, প্রাক্তন অধিকর্তা, ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার (EZCC), যিনি তাঁর মূল্যবান বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরেন।

উক্ত উদযাপনের অন্যতম আকর্ষণ ছিল ড. দিবিশদা বি. গারনায়ক, সুপারিনটেন্ডিং আর্কিওলজিস্ট (SA), ASI, কলকাতা সার্কেল- এর একটি বিশেষ জ্ঞানগর্ভ বক্তৃতা, যার বিষয় ছিল “ওড়িশার শিলাচিত্র (Rock Art of Odisha)”। তাঁর বক্তৃতায় এই অঞ্চলের প্রাগৈতিহাসিক শিল্পধারা ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক উঠে আসে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সত্যনারায়ণ ঘোষ লাউঞ্জে ভারতের UNESCO বিশ্ব ঐতিহ্যস্থলগুলির উপর একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এই প্রদর্শনীর মাধ্যমে ভারতের সমৃদ্ধ প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বৈচিত্র্য তুলে ধরা হয়েছে।

এই উদযাপন আমাদের যৌথ ঐতিহ্যকে অন্বেষণ, অনুধাবন ও উপলব্ধি করার এক গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে কাজ করেছে। একই সঙ্গে আগামী প্রজন্মের জন্য এই ঐতিহ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বিশেষভাবে তুলে ধরেছে। ঐতিহ্য হলো অতীত থেকে প্রাপ্ত আমাদের উত্তরাধিকার, বর্তমানের আমাদের দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের অমূল্য উপহার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *