Commercialization, School, Rampurhat, স্কুলের জায়গায় বাণিজ্যিকিকরণ, সরব শিক্ষক- শিক্ষিকারা

আশিস মণ্ডল, রামপুরহাট, ১৯ নভেম্বর: দেওয়াল ভাঙ্গতেই প্রকাশ্যে এলো স্কুলের পূর্বতন পরিচালন সমিতির সভাপতির অসৎ কার্যকলাপ। স্কুলের জায়গায় বাণিজ্যিককরণের অপচেষ্টা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েন স্কুলের শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা। পূর্বতন পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। অভিযোগ অস্বীকার করে পরিচালন সমিতির সভাপতি আরশাদ হোসেন জানান, স্কুলের প্রয়োজনেই ওই নির্মাণ করা হয়েছে।

ঘটনার সূত্রপাত, ২০০০ সালে। সেই সময় পরিচালন সমিতির সভাপতি ছিলেন আরশাদ হোসেন। তাঁর দাপটে স্কুলের কোনো শিক্ষক কথা বলতে পারতেন না। অন্যায় হলেও এতদিন মুখ বুজে সহ্য করেছেন শিক্ষক থেকে শিক্ষাকর্মীরা। সেই সুযোগে স্কুলের উন্নয়ন তহবিল ভেঙে দোকান ঘর নির্মাণের কাজ শুরু করেন আরশাদ হোসেন। বিষয়টি সেই সময় স্কুলের সমস্ত শিক্ষক- শিক্ষাকর্মী জানলেও ভয়ে মুখে কুলুপ এঁটেছিলেন। স্কুলের জায়গায় বাণিজ্যিককরণের প্রতিবাদে সরব হন স্কুলের প্রাক্তনিরা। তাঁদের আন্দোলনের জেরে দোকান ঘরের জন্য গেট লাগিয়েও বণ্টন করতে পারেননি আরশাদ হোসেন। স্কুলের ভিতর দিকে ছাদ পর্যন্ত দেওয়াল তুলে দেওয়ায় স্কুল কর্তৃপক্ষও জানতে পারেননি ভিতরের অবস্থান। এদিকে স্কুলের জিমের জায়গা না পাওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা বৈঠক করে সিদ্ধান্ত নেন ওই নবনির্মিত ঘরের দেওয়াল ভেঙ্গে ভিতরের অবস্থান দেখা হবে। বৃহস্পতিবার স্কুলের ভিতরের দিক থেকে দেওয়াল ভাঙ্গতেই পূর্বতন সভাপতির অসৎ উদ্দেশ্য দেখে চক্ষু চড়কগাছ শিক্ষক ও শিক্ষাকর্মীদের। দেখা যায় দোকান ঘর করার মতো করে চারটি গেট লাগানো। আরও কয়েকটি গেট লাগানোর ব্যবস্থা করে রাখা হয়েছিল। গেটের বাইরের দিকে ইট দিয়ে দেওয়াল তুলে দেওয়ায় ভিতরের অবস্থা এতদিন কেউ জানতে পারেনি।

স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্মল মণ্ডল বলেন, “সেই সময় আমি দায়িত্বে ছিলাম না। তবে সেখানে কিছু একটা নির্মাণ হয়েছে এটা সবাই জানেন। শিক্ষক শিক্ষিকারা যা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে”।

স্কুলের সহকারি শিক্ষক হৃদয় রায় বলেন, “আমরা বুধবার স্কুলের পরিসর বৃদ্ধি করার জন্য স্টাফ কাউন্সিল বৈঠকে বসেছিলাম। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় ওই নব নির্মিত প্রাচীর ভেঙ্গে ভিতরের জায়গা ব্যবহার করা হাবে। প্রাচীর ভাঙ্গতেই দেখি স্কুলের জায়গায় দোকানঘর ভাড়া দেওয়ার পরিকল্পনা করে নির্মাণ করা হয়েছে। স্কুলের উন্নয়ন তহবিল ভেঙে ওই নির্মাণ করা হয়েছে। আমরা আগে পরিচালন সমিতির সভাপতি আরশাদ হোসেনের ভয়ে কেউ কথা বলতে পারতাম। সেই সুযোগে স্কুলের তহবিল নষ্ট করে অসৎ উদ্দেশ্যে ঘর নির্মাণ করা হয়েছে। এমনকি বহু লোহার রড নষ্ট হচ্ছে। আমরা স্টাফ কাউন্সিল বৈঠক করে অসৎ উদ্দেশ্যের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমরা স্কুলের জায়গা কোনভাবে বাণিজ্যিকিকরণ করতে দেব না”।

স্কুলের প্রাক্তন ছাত্র অমিতাভ হালাদার, শ্যামল হালদাররা বলেন, “গত ১৫ বছরে স্কুলের পঠন- পাঠন রসাতলে গিয়েছে। শতাব্দী প্রাচীন স্কুলের গরিমা নষ্ট করেছেন পরিচালন সমিতির সভাপতি। তিন স্কুলকে নিজের ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন। স্কুল কর্তৃপক্ষের উচিত ১৫ বছরের খরচের হিসাব নিকাশ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া”।

পূর্বতন পরিচালন সভাপতি আরশাদ হোসেন বলেন, “আমি ১৫ বছর সভাপতি ছিলাম। কিন্তু স্কুলের চাবি থাকত প্রধান শিক্ষকের হেফাজতে। ফলে স্কুলে কতটা উন্নয়ন করেছি সব জানেন প্রধান শিক্ষক। আর আমরা হচ্ছি কিং মেকার। আমরা কাজ করাব। স্কুল ঠিক থাক চলছে কিনা দেখব”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *