আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ৪ জানুয়ারি: হোটেল বন্ধ করে খুলে রাখা হল তারাপীঠ মন্দির। বিধিনিষেধের কারনে মন্দিরে ৫০ জনের বেশি ভক্তকে এক সঙ্গে থাকতে দেওয়া যাবে না। হোটেল বন্ধ রেখে বহিরাগত ভক্তদের তারপীঠে প্রবেশাধিকার বন্ধ করল প্রশাসন।
দিন দুয়েক আগেই রাজ্য সরকার করোনা অতিমারির কারণে বিধিনিষেধ আরোপ করেছে। বিশেষ করে পর্যটন কেন্দ্রগুলির উপর বেশি নজর রাজ্যের। তারাপীঠকেও পর্যটন কেন্দ্রের মধ্যে ধরেছে জেলা প্রশাসন। ফলে মঙ্গলবার সকাল থেকে তারাপীঠে বহিরাগত যাত্রীদের প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। এদিন দুপুরে তারাপীঠ–রামপুরহাট উন্নয়ন পর্ষদের একটি জরুরি সভা ডাকা হয়। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয় আপাতত সমস্ত হোটেল বন্ধ থাকবে। মন্দিরে ৫০ জনের বেশি থাকতে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন রামপুরহাট মহকুমা শাসক সাদ্দাম নাভাস। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় প্রশাসনের নির্দেশ মেনে চলার আশ্বাস দিয়েছেন।

