মায়াপুর ইসকন প্রাঙ্গণে প্রবেশ করতে একাধিক বিধিনিষেধ

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া ৪ জানুয়ারি:
করোনার তৃতীয় ঢেউ বা ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশ অনুযায়ী স্বাস্থ্যবিধি কে মান্যতা দিয়ে মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীদের প্রবেশ করার ক্ষেত্রে কড়া বিধি নিষেধ আরোপ করা হলো নদিয়ার মায়াপুর ইসকন মন্দির কর্তৃপক্ষের তরফে। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে গেলে এবার থেকে দর্শনার্থীদের মাস্ক, স্যানিটাইজার ব্যবহার করা বাধ্যতামূলক করা হলো। পাশাপাশি সারিবদ্ধ ভাবে পারস্পরিক শারীরিক দূরত্ব বজায় রাখার মধ্য দিয়ে ইসকনের মূল মন্দির চন্দ্রোদয় মন্দির প্রাঙ্গণে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। একসঙ্গে মাত্র পঞ্চাশ জন দর্শনার্থী প্রবেশ করতে পারবেন।

কোনওভাবেই জনসমাগম করা যাবে না মন্দির কক্ষে। বহিরাগত দর্শনার্থী সহ ইসকন মন্দিরের আবাসিক ভক্ত, পূজারীদের সুরক্ষার কথা মাথায় রেখে সতর্কতামূলক নির্দেশ জারি করা হয়েছে ইসকন কর্তৃপক্ষের তরফে বলে জানান ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন এই নিয়ম কানুন মেনে দর্শনার্থীদের মন্দির প্রাঙ্গণে প্রবেশ করতে হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *