প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২২ এপ্রিল:
সকাল থেকেই উত্তপ্ত উত্তর ২৪ পরগনার আমডাঙা বিধানসভা এলাকা। সকালে ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠেছে। এক আইএসএফ কর্মীর বাড়ি এবং ক্যাম্প অফিস ভাঙ্গচুর করা হয়েছে। অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূলও পালটা আইএসএফের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে। এরইমধ্যে ভোট চলাকালীন প্রচুর বোমা উদ্ধার হয়েছে।
আমডাঙ্গা বরাবরই উত্তেজনা প্রবণ এলাকা। আজ সকালেও ব্যাপক বোমাবাজি হয়। ভোট দেওয়ার আগেই মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। উত্তর বোদাই ১২৭ নম্বর বুথ এলাকায় আইএসএফএক কর্মীদের বাড়ি ভাঙ্গচুর করা হয় বলে অভিযোগ। তাঁদের একটি ক্যাম্প অফিসও ভাঙ্গচুর করা হয়েছে বলে আইএসএফের দাবি। অভিযোগের তীর শাসকদলের দিকে। যদিও শাসকদল অভিযোগ অস্বীকার করে। তৃণমূলের দাবি, এখানে আইএসএফের তেমন শক্তি নেই নিজেরা ভাঙ্গচুর করে তৃণমূলকে দোষারোপ করছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। বিবাদমান দুই পক্ষকে লাঠি উঁচিয়ে তাড়া করে ছত্রভঙ্গ করে দেয়। আইএসএফের এর বক্তব্য তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছে এবং ভোটারদের ভয় দেখাচ্ছে। সেই কারণে অনেকেই ভোট দিতে যেতে পারছেন না। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের বিরুদ্ধেও তারা অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তাদের বক্তব্য, এখানে বরাবরই অশান্তি হয়, এবারের বিধানসভা নির্বাচন ব্যতিক্রম হল না।

এরই মধ্যে ভোট চলাকালীন ৮৩ নম্বর বুথ এলাকায় একটি ঝোপের ভেতর থেকে প্রচুর বোমা উদ্ধার হয়। রংমহল এলাকায় একটি পরিত্যক্ত বাথরুম এবং ঝোপের মধ্যে প্লাস্টিকের বালতিতে বোমা রাখা ছিল। প্রায় ৪৫ টি বোমা উদ্ধার হয়েছে। তৃণমূলের অভিযোগ আই এস এফ এর বিরুদ্ধে। তাদের দাবি, তৃণমূল কর্মীদের ভয় দেখাতে বোমা নিয়ে এসেছিল, কিন্তু তাড়া খেয়ে বোমা ফেলে পালিয়েছে।


