BJP, Garhbeta, গড়বেতায় ইতিহাস, ভূমিপুত্র প্রদীপ লোধার জয়ের উচ্ছ্বাসে ভাসলো শহর

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: গড়বেতার রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হল। এই প্রথম গড়বেতার ভূমিপুত্র প্রদীপ লোধা গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়ে নজির গড়লেন। তাঁর জয়কে কেন্দ্র করে রবিবার গোটা গড়বেতাজুড়ে দেখা গেল উৎসবের আবহ।

বিধায়ক পদে জয়লাভের পর এদিন এক বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় হাজার হাজার সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। গড়বেতা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে এই বিজয় মিছিল। ঢাক- ঢোল, আবির ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা এলাকা।

শোভাযাত্রায় উপস্থিত মানুষের ঢল কার্যত প্রমাণ করে দেয় যে, প্রদীপ লোধার জয়কে গড়বেতার মানুষ নিজেদের জয় হিসেবেই দেখছেন। সাধারণ মানুষের শুভেচ্ছা ও সমর্থনে আপ্লুত হয়ে বিধায়ক প্রদীপ লোধা বলেন, “গড়বেতার মানুষ আজ স্বাধীনতার স্বাদ পেয়েছে। দীর্ঘদিন পর সাধারণ মানুষের মতামতের জয় হয়েছে বলেই এত মানুষ আজ আমার সমর্থনে রাস্তায় নেমেছেন।”

তিনি আরও জানান, গড়বেতার উন্নয়ন, সাধারণ মানুষের সমস্যার সমাধান এবং এলাকার সার্বিক অগ্রগতিই হবে তাঁর প্রধান লক্ষ্য। মানুষের আশা ও বিশ্বাসের মর্যাদা রাখতে তিনি সর্বদা কাজ করে যাবেন বলেও আশ্বাস দেন নবনির্বাচিত বিধায়ক।

এদিনের শোভাযাত্রাকে ঘিরে নিরাপত্তার দিকেও ছিল কড়া নজরদারি। প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। সব মিলিয়ে প্রদীপ লোধার জয়োৎসব ঘিরে গড়বেতায় তৈরি হয় এক অন্যরকম আবেগঘন পরিবেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *