BJP, Midnapur, মেদিনীপুরে বিজেপির ‘অভিনন্দন মিছিল’, কয়েক হাজার মানুষের অংশগ্রহণ

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৭ মে: মেদিনীপুরের মানুষকে কৃতজ্ঞতা ও প্রণাম জানাতে রবিবার বিকেলে শহরে অনুষ্ঠিত হলো এক বিশাল ‘অভিনন্দন মিছিল’। মেদিনীপুর বিধানসভার বিজেপি বিধায়ক ডঃ শঙ্কর গুছাইত-এর সমর্থনে আয়োজিত এই মিছিলে শহরের কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন।

বিকেলে মেদিনীপুর কলেজিয়েট স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মী- সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে মহিলাদের ব্যাপক অংশগ্রহণ মিছিলে আলাদা মাত্রা যোগ করে।

মিছিলটি কলেজিয়েট স্কুলের সামনে থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ রিং রোড পরিক্রমা করে স্থানীয় পঞ্চুরচকে গিয়ে শেষ হয়। পথজুড়ে দলীয় পতাকা, স্লোগান এবং সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা শহর।

আয়োজকদের দাবি, মেদিনীপুরের মানুষের আশীর্বাদ ও সমর্থনের প্রতি কৃতজ্ঞতা জানাতেই এই ‘অভিনন্দন মিছিল’-এর আয়োজন করা হয়েছে।

অন্যদিকে, মিছিলকে কেন্দ্র করে যাতে কোনও অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য প্রশাসনের তরফে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে মোতায়েন ছিল বিশাল পুলিশ বাহিনী। ট্রাফিক নিয়ন্ত্রণেও পুলিশকে সক্রিয় ভূমিকা পালন করতে দেখা যায়।

সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশেই মিছিল সম্পন্ন হয় বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *