BJP, Keshpur, কেশপুরে ঐতিহাসিক তিরঙ্গা যাত্রা, ‘নতুন কেশপুর’ গড়ার বার্তা বিজেপির জেলা সভাপতির

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: স্বাধীনতা দিবসের প্রাক্কালে শহিদ ক্ষুদিরাম বসুর জন্মভূমি কেশপুরে অনুষ্ঠিত হলো বিশাল তিরঙ্গা যাত্রা। বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে জাতীয় পতাকা হাতে বহু দলীয় কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। কেশপুর বাজার থেকে শুরু হয়ে তিরঙ্গা যাত্রাটি কলেজ হয়ে কেশপুর বাসস্ট্যান্ডে পৌঁছায়। সেখানেই পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

সভায় বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস বলেন, শহিদ ক্ষুদিরাম বসুর পবিত্র মাটিতে এত বড় তিরঙ্গা যাত্রা কেশপুরের মানুষ আগে দেখেছেন বলে তার মনে হয় না। তিনি বলেন, কেশপুরের পরিচয় রাজনৈতিক হিংসা বা অশান্তির সঙ্গে নয়, বরং তার প্রাকৃতিক সম্পদ ও শহিদ ক্ষুদিরামের আদর্শের সঙ্গে যুক্ত করতে হবে। তাঁর বক্তব্য, “অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এবং নেশামুক্ত নতুন কেশপুর” গড়ে তোলাই লক্ষ্য।
যুব সমাজকে, রাজনীতিকে সমাজসেবার মাধ্যম হিসেবে গ্রহণ করে এগিয়ে আসার আহ্বান জানান বিজেপির জেলা সভাপতি।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক সুকেশ সরেন, সহ- সভাপতি অজয় কৃষ্ণ প্রধান সহ দলের অন্যান্য নেতৃত্ব ও কার্যকর্তারা।

তিরঙ্গা যাত্রাকে কেন্দ্র করে এদিন কেশপুরে বিজেপি কর্মী- সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সভা শেষে কেশপুরকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন দলীয় নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *