পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৩ আগস্ট: আগামী ১৫ আগস্ট ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধের আবেগে বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার আয়োজন করলো ভারতীয় জনতা পার্টি। বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর গ্রামীণ বিধানসভার অন্তর্গত পাঁচখুড়ি ৬/২ অঞ্চলের উদ্যোগে এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তে বৃষ্টির দাপট থাকলেও সেই প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ শোভাযাত্রায় অংশ নেন।
এদিন হাতিহলকার চক থেকে শুরু হয় বিশাল এই তিরঙ্গা যাত্রা। জাতীয় পতাকা হাতে ও বাইকে তেরঙা পতাকা লাগিয়ে উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে যাত্রায় সামিল হন কর্মী- সমর্থকরা। প্রায় দেড় হাজার মোটর সাইকেল নিয়ে তৈরি হয় দীর্ঘ বাইক র্যালি। প্রায় ৮ কিলোমিটার পথ অতিক্রম করে শোভাযাত্রাটি শহরের ধর্মার চকে গিয়ে পৌঁছোয়। শুধু দলীয় কর্মী- সমর্থকরাই নন,দেশাত্মবোধের এই কর্মসূচিতে সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

আয়োজকদের দাবি, বৃষ্টির মধ্যেও প্রায় তিন হাজার সাধারণ মানুষ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন। রাস্তার দু’ধারে দাঁড়িয়েও বহু মানুষকে তিরঙ্গা যাত্রা দেখতে দেখা যায়। বৃষ্টি উপেক্ষা করে জাতীয় পতাকা হাতে মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি গোটা কর্মসূচিতে আলাদা মাত্রা যোগ করে।
তিরঙ্গা যাত্রাকে ঘিরে সকাল থেকেই হাতিহলকার চক ও সংলগ্ন এলাকায় উৎসবের পরিবেশ তৈরি হয়। দেশাত্মবোধক স্লোগান ও জাতীয় পতাকার সমারোহে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নির্ধারিত পথে শৃঙ্খলা বজায় রেখে বাইক র্যালি এগিয়ে যায় ধর্মার চকের দিকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জেলা মিডিয়া ইনচার্জ ডাঃ অনুপম নায়েক, জেলা সহ- সভাপতি অজয় জানা সহ দলের অন্যান্য নেতা ও কর্মী- সমর্থকরা। তাদের উপস্থিতিতে কর্মসূচি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতীয় পতাকার মর্যাদা ও দেশাত্মবোধের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়াই এই তিরঙ্গা যাত্রার মূল উদ্দেশ্য। বৃষ্টির প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুল মানুষের অংশগ্রহণে এদিনের কর্মসূচি কার্যত জনসমাগমে পরিণত হয়।

