বামপন্থীরাই দায়ী হিন্দু-মুসলিম তিক্ত সম্পর্কের জন্য, মন্তব্য হিমন্ত বিশ্বশর্মার

আমাদের ভারত, ৫ ডিসেম্বর: বামপন্থী তথা উদারপন্থীরাই
হিন্দু-মুসলিমের মধ্যে তিক্ত সম্পর্ক তৈরির জন্য দায়ী। এমনটাই মন্তব্য করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তবে বামপন্থীরাই নয়, এর জন্য কংগ্রেসকেও দায়ী করেছেন তিনি। তার অভিযোগ ভোট ব্যাংকের জন্যেই দিনের পর দিন কংগ্রেস এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দিয়েছে। গুয়াহাটিতে বীর সাভারকারের ওপর লেখা একটি বই সংক্রান্ত আলোচনায় উপস্থিত হয়ে একথা বলেন অসমের মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বর্তমান পরিস্থিতিতে সাভারকারের প্রাসঙ্গিকতাও ব্যাখ্যা করেন অসমের মুখ্যমন্ত্রী।

হিমন্ত বিশ্বশর্মা অভিযোগের সুরে বলেন, স্বাধীনতার পর থেকে ভারতে পড়াশুনার যাবতীয় সিলেবাস উদার বামপন্থীদের হাতে তৈরি। ফলে তারাই মানুষে মানুষে লড়াই করতে শিখিয়েছে। তার মতে স্বামী বিবেকানন্দ, শ্রীমন্ত শংকরদেবের মত মহান ব্যক্তিদের জীবন স্কুল পাঠক্রমে পর্যাপ্তভাবে পড়ানো উচিত ছিল। শিক্ষার্থীরা যদি এদের কথা বেশি করে পড়ে তাহলে জীবন সম্পর্কে সকলের ধারণা বদলে যেত।

তিনি বলেন, কোনো ধর্মকে মেনে চলতে হলে মানুষে মানুষে খূনোখুনি করা কোনো সঠিক পথ নয়। এরপরই বীর সাভারকারের প্রসঙ্গ টেনে তিনি জানিয়েছেন, সাভারকার নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন। যেখানে সকলের সমান অধিকার থাকবে। দেশভাগের বিরোধিতা করেছিলেন সাভারকার। অসমের মুখ্যমন্ত্রী বলেন, দেশকে ভালোবাসলে দেশের উন্নয়নকে প্রাধান্য দিতে হবে। সাভারকারের জীবনকে যদি ভালো ভাবে লক্ষ্য করা যায়, তাহলে দেখা যাবে দেশের প্রতি তার বিরাট ভালবাসা ও শ্রদ্ধা ছিল।
তিনি বলেন, দেশের যুবসমাজকে দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে দ্রুত সচেতন করার প্রয়োজনীয়তা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *