আমাদের ভারত, ৫ ডিসেম্বর:সৌদি আরবের মসজিদে তারস্বরে মাইক বাজানো নিষিদ্ধ হয়েছে। এই একই নিয়ম কেন আমাদের রাজ্য পশ্চিমবঙ্গেও চালু করা হবে না? মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এমনই প্রশ্ন ছুড়ে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল।
সম্প্রতি সৌদি আরবে নির্দেশ জারি করে বলা হয়েছে, ঈশ্বরকে এমন ভাবে ডাকতে হবে যাতে অন্য কেউ অসুবিধায় না পড়ে। যে স্বরে মাইক বাজতো তার এক তৃতীয়াংশ কমিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। মসজিদের বাইরে যাতে লাউডস্পিকারের আওয়াজ না যায় সেই দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। শরিয়া নিয়ম মেনেই এই বিবৃতি জারি করা হয়েছে বলে খবর। এমনকি ইন্দনেশিয়াতেও এই একই পদক্ষেপ করার ইঙ্গিত দেওয়া হয়েছে।
সৌদি আরবের এই বিবৃতির বিষয়টি তুলে ধরেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল প্রশ্ন তুলেছেন, যে মধ্য প্রাচ্যের দেশগুলোতে যদি এমনটা হতে পারে, তাহলে পশ্চিমবঙ্গেও কেন এই নিয়ম জারি করা হবে না?
এর আগেও মসজিদে লাউডস্পিকার ব্যবহারের বিরুদ্ধে একাধিক হিন্দুত্ববাদী নেতা ও সংগঠন সরব হয়েছে। এবার রাজ্যের বিজেপির অন্যতম নেত্রী তথা আসানসোলের বিধায়কও তারস্বরে মসজিদে লাউডস্পিকার ব্যবহারে নিষেধাজ্ঞা জারির জন্য সওয়াল করলেন।

