মেদিনীপুরে প্রার্থী তালিকা নিয়ে টানটান উত্তেজনা 

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ ফেব্রুয়ারি: রাজ্যের ১০৮ টি পৌরসভার নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। সেইমতো পশ্চিম মেদিনীপুরের সাতটি পৌরসভা- চন্দ্রকোনা, খড়গপুর, মেদিনীপুর, খড়ার, ঘাটাল, ক্ষীরপাই ও রামজীবনপুরে ভোট হবে ২৭ ফেব্রুয়ারি। কমিশনের নির্দেশ মতো সকাল ৭ টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে।

জেলায় তৃণমূলের পাল্লা ভারি হলেও লড়াইয়ে থাকছে বিজেপি এবং বাম- কংগ্রেস। জেলার পৌরসভাগুলিতে প্রার্থী নির্বাচনকে কেন্দ্র করে টানটান উত্তেজনা রয়েছে। জেতা হারার প্রশ্ন দূরে সরিয়ে শাসক দলের টিকিট পাওয়া নিয়ে নেতা-নেত্রীদের মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে।

দলীয় সূত্রের খবর, শুক্রবারই প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে শাসকদল তৃণমূল। বেশ কিছুটা হলেও এগিয়ে থেকে বামেরা ইতিমধ্যে বেশিরভাগ ওয়ার্ডে প্রার্থী তালিকা ঘোষণা করেছে। আজ বিকেল চারটেয় সাংবাদিক বৈঠক ডেকে তারা পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করেছে। কংগ্রেসকে তাদের দুটি জেতা ওয়ার্ড ছেড়ে মেদিনীপুর পৌরসভার সাতাশটি ওয়ার্ডের মধ্যে পাঁচটিতে লড়াই করছে বাম প্রার্থীরা। বিজেপি অবশ্য ধীরে চলো’ নীতিতে এগোচ্ছে। দলীয় সূত্রে জানা গেছে, শনিবারের মধ্যে তাদের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা হয়ে যাবে।

মেদিনীপুর শহরে তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছে। সম্ভাব্য প্রার্থী তালিকার আধ ডজন পিডিএফ কপি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়েছে। শাসক দলের জেলা নেতৃত্বের দাবি, বিরোধীরা এরকম ভুয়ো তালিকা ছড়িয়ে শহরবাসীকে বিভ্রান্ত করতে চাইছে। বিরোধীরা বলছেন, তৃণমূলে প্রার্থী হওয়ার অনেক দাবিদার রয়েছে। পাশাপাশি রয়েছে গোষ্ঠীদ্বন্দ্বও। গোষ্ঠীগুলির সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া প্রার্থী তালিকায় নিজেদের নাম ভাসিয়ে দিয়ে নেতৃত্বের ওপর চাপ বাড়াতে চাইছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *