জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: জাতীয় সড়কে বাইক নিয়ে উঠলেই মাথায় হেলমেট বাধ্যতামূলক। বাইকে যতজন বসবেন প্রত্যেকের মাথায় হেলমেট না থাকলে পুলিশ এবার থেকে কড়া ব্যবস্থা নেবে বলে শনিবার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার দীনেশ কুমার। তিনি জানান, জাতীয় সড়কে যতগুলি দুর্ঘটনা ঘটেছে তার বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে বাইক আরোহীদের মাথায় হেলমেট ছিল না।
পুলিশ সুপার বলেন, কলকাতা- মুম্বাই ৬ নম্বর জাতীয় সড়কে নাকা চেকিং জোরদার করার ফলে ওভারলোডিং কমছে। গত এক সপ্তাহে নাকা পয়েন্টে ৬০০০ গাড়ি পার হয়েছে। এরমধ্যে ৪০০০ গাড়ি খালি ছিল। ২১ টি ওভারলোডিং গাড়ি আটক করে ২৬ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

