জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: মৃতপ্রায় এক বৃদ্ধকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলেন কোতোয়ালি থানার কয়েকজন পুলিশ। মেদিনীপুর শহরের গান্ধী মোড় এলাকায় একটি গাছের তলায় অর্ধমৃত অবস্থায় পড়েছিলেন বছর পঁচাত্তরের অসুস্থ ওই বৃদ্ধ। তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর উৎপল ব্যানার্জি সহ চারজন পুলিশ কর্মী। পুলিশের এই মানবিক কাজে মুগ্ধ এলাকার দোকানদার ও পথচারীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, অনাহার-অর্ধাহারে হাঁটা চলার শক্তি হারিয়েছেন ওই বৃদ্ধ। তাকে স্থানীয়রা জল বিস্কুট খেতে দিতেন। আজ সকালে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ভেবেছিলেন ওই বৃদ্ধ হয়তো মারা গেছে, তাই তারা কোতোয়ালি থানার পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে উপস্থিত হয়। কিন্তু তারা দেখেন ওই বৃদ্ধ বেঁচে আছে। তাই সঙ্গে সঙ্গে ওই গাড়িতে করেই অচৈতন্য অবস্থায় বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যান পুলিশ কর্মীরা।

