Heavy rain, South Bengal, সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা, ৫০-৫৫ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সতর্কতা

আমাদের ভারত, ২ জুলাই: তীব্র গরমের অস্বস্তি কাটিয়ে স্বস্তির খবর জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার অর্থাৎ ২ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই টানা সাত দিন বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। তবে সপ্তাহের মাঝামাঝি অর্থাৎ ৪ জুলাই থেকে ৬ জুলাইয়ের মধ্যে বৃষ্টির দাপট সব থেকে বেশি থাকবে। এই সময় ঘণ্টায় ৫০-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান ও দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় আগামী সাত দিনে ভিজবে।

মনে করা হচ্ছে এবার হয়তো চেনা ফর্মে ফিরছে বর্ষা। ৩ জুলাই অর্থাৎ শুক্রবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অংশে বর্ষা যথেষ্ট সক্রিয় হবে। বিশেষত পশ্চিমাঞ্চলে জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী ৪-৬ জুলাই এই তিন দিন দক্ষিণবঙ্গে বর্ষার সবচেয়ে অ্যাক্টিভ বা সক্রিয় রূপ দেখা যাবে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি, জেলা ভেদে ৭ থেকে ১১ সেন্টিমিটার, কিছু জায়গায় ২০ সেন্টিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে, যা সর্বোচ্চ ৫৫ কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছাতে পারে।একটানা বৃষ্টির ফলে কলকাতার নিচু এলাকায় এবং গ্রামীণ অঞ্চলে বেশ কিছু জায়গায় জল জমা বা সাময়িক বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে।

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ সহ সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে।

এই তিন দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রস্তুতি নিয়েই রাস্তায় বেরনোর পরামর্শ দেওয়া হয়েছে। প্রবল বর্ষণের সঙ্গে ঝোড়ো হাওয়ার সম্ভাবনার ফলে অফিস যাতায়াত থেকে জল জমার মতো সমস্যায় পড়তে পারে আম জনতা বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *