পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জুলাই: জাতীয় চিকিৎসক দিবস (ডক্টরস ডে) উপলক্ষে বুধবার মেদিনীপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের রূপকার, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক ডা: বিধানচন্দ্র রায়ের জন্ম ও মৃত্যু বার্ষিকী উপলক্ষে প্রতি বছর ১ জুলাই দেশজুড়ে ডক্টরস ডে পালিত হয়। সেই উপলক্ষে তাঁকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে এ বছরেরও রক্তদান শিবিরের আয়োজন করেন ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর মহম্মদ সাইফুল।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহম্মদ সাইফুল ডা: বিধানচন্দ্র রায়ের চিকিৎসা, সমাজসেবা ও রাজ্য গঠনে তাঁর অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি জানান, মানবিক দায়বদ্ধতা থেকে প্রতি বছরের মতো এবারও এই বিশেষ দিনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের দাবি, এদিনের শিবিরে প্রায় শতাধিক স্বেচ্ছায় রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি সমাজে চিকিৎসকদের অবদানের স্বীকৃতি হিসেবে একাধিক বিশিষ্ট চিকিৎসককে সম্বর্ধনা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি দেবাশিস ঘোষ, যুব কংগ্রেস নেতা আহমেদ হোসেন- সহ দলের একাধিক নেতৃত্ব, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এলাকার বাসিন্দারা।

