জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৩১ মার্চ: সবংয়ে রাতভর বোমাবাজি ও বাড়ি ভাঙ্গচুর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে সবং ব্লকের ৪ নং দশগ্রাম অঞ্চলের কোলন্দা, কোপ্তিপুর এলাকায়। এলাকার বিজেপি সমর্থকদের অভিযোগ, গতকাল রাতভর বেশ কয়েকটি বিজেপি সমর্থকের বাড়িতে ভাঙ্গচুর ও বোমাবাজি চালিয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তারা মহিলাদের ভোটকেন্দ্রে যেতে বারণ করেছে বলে অভিযোগ করেছেন কোপ্তিপুর গ্রামের বেশকিছু মহিলা।

পার্বতী বিশুই সহ কয়েকজন মহিলা জানান, গত দশ বছর ধরে তারা তৃণমূলের হুমকিতে ভোট দিতে যেতে পারেননি। ভোটের আগেই তাদের ভোটার কার্ডগুলি নিয়ে নেওয়া হয় এবং তৃণমূলের লোকজন নিজেরাই ভোট দিয়ে দেয়। গতকাল রাতে দুষ্কৃতীদের ছোড়া বোমাতে দুলাল বর্মন নামে এক বিজেপি কর্মীর কোমরে ও হাতে আঘাতও লাগে। এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী।
অপরদিকে এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তাদের দাবি ভোটের আগে নিজেরাই এলাকায় উত্তেজনা তৈরী করছে। এতে তৃণমূল কংগ্রেসের কোনও হাত নেই। আমরা শান্তিপূর্ণ অবাধ নির্বাচন চাই।

