অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি: আদিবাসী সম্প্রদায়ের মানুষের ক্রীড়া ও সাংস্কৃতির বিকাশের লক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে প্রতি বছর প্রতিটি ব্লক স্তর থেকে জেলা এবং রাজ্য স্তর পর্যন্ত আদিবাসী মেলা তথা জয় জোহার মেলার আয়োজন করা হচ্ছে।আর ব্লক প্রশাসনের সেই আদিবাসী মেলাতে আদিবাসী সম্প্রদায়ের মানুষজনকে স্বাস্থ্য বিষয়ে সচেতন করতে উদ্যোগ নিল স্বাস্থ্য দফতর।
গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের জয় জোহার মেলায় তিনদিন ধরে বসল স্বাস্থ্য সচেতনতা শিবির। ব্লক স্বাস্থ্য দফতরের কর্মীরা শিবির করে মেলায় আসা মানুষজনের স্বাস্থ্য পরীক্ষা যেমন করলেন তেমন মানুষকে সচেতন করলেন করোনা, ডেঙ্গু, ম্যালেরিয়ার মতো রোগের সংক্রমণ সম্পর্কে। স্বাস্থ্য কর্মীরা সবাইকে প্রচারপত্রের মাধ্যমে কোভিড বিধি নিষেধ সম্পর্কে যেমন সচেতন করেন, তেমন মশাবাহিত রোগ থেকে মুক্তির জন্য মশারি খাটিয়ে ঘুমানো এবং বাড়ির চারপাশ জঞ্জাল মুক্ত রাখার আবেদন করেন।

