শীতলকুচির ঘটনায় তিনি অত্যন্ত মর্মাহত, বললেন মিঠুন চক্রবর্তী

প্রতীতি ঘোষ, বারাসাত, ১১ এপ্রিল:
“শীতলকুচির ঘটনায় আমি অত্যন্ত মর্মাহত। কতগুলো প্রাণ চলে গেল। মায়ের কোল এই ভাবে খালি হোক আমরা চাই না। আর এসবের পেছনে কার উস্কানি মূলক কথা আছে আপনারা সবাই জানেন। এই ধরনের কথা বিজেপির কেউ বলেন না। বিজেপি আসলে এই ধরনের ঘটনা বা কোনও ধরনের রায়ট বাংলায় হবে না।” আমডাঙার বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শীতলকুচিতে গুলি চালানোর ঘটনার দুঃখ প্রকাশ করে একথা বলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী।

রবিবার দুপুরে দত্তপুকুরে একটি রোড শো’তে অংশ নেন মিঠুন চক্রবর্তী। এদিন আমডাঙার বিজেপি প্রার্থী জয়দেব মান্নার সমর্থনে দত্তপুকুর নিবা ২ স্কুলের মাঠ থেকে রোড শো শুরু করেন মিঠুন চক্রবর্তী।

হেলিকপ্টার নামার সময় চরম বিশৃঙ্খলা মধ্যে পড়েন তিনি। প্রায় ১০ মিনিট হেলিকপ্টার এর মধ্যেই আটকে ছিলেন মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তীকে দেখতে ৫০ হাজারের ওপর মানুষ হাজির ছিলেন আগের থেকেই। হেলিকপ্টার নামতেই তারা ব্যারিকেড ভেঙ্গে ঢুকে পড়ে ভেতরে। পরপর নিরাপত্তা বলয় ভেঙ্গে বিশৃংখলা সৃষ্টি হয় মুহূর্তের মধ্যে। বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ, পুলিশের ব্যর্থতার জন্যই এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে দমকলের বিরুদ্ধেও। যে যে যে পরিমাণ জল দিয়ে মাঠ ভেজানোর কথা সেখানেও ঘাটতি রেখেছে দমকল বাহিনী। ফলে ধুলোময় হয়ে যায় গোটা এলাকা। একপ্রকার প্রশাসনিক ব্যর্থতা নিয়েই বিশৃঙ্খলা অভিযোগ স্থানীয়দের।

রোড’শো করে প্রায় আড়াই কিলোমিটার পথ যাওয়ার পর মিছিলে যোগদান ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। কিছুটা যাবার পরে মিঠুন চক্রবর্তী ফিরে আসেন হেলিপ্যাডে। সেখান থেকে অন্য একটি কর্মসূচিতে যোগদান দেওয়ার জন্য রওনা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *