আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ সেপ্টেম্বর: হকার উচ্ছেদকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল কাঁচরাপাড়া রেল স্টেশনে। শিয়ালদহ মেন লাইনের কাঁচরাপাড়া রেল স্টেশনে দীর্ঘ দিন ধরে ব্যবসা করে আসা হকারদের ব্যবস্যা ও দোকান স্টেশন থেকে তুলে নেওয়ার নোটিশ দেওয়া হয় রেলের তরফ থেকে। শনিবার সেই বিজ্ঞপ্তির বিরোধিতা করে হকার উচ্ছেদ আটকাতে কয়েকশো হকার রেলের এই নীতির বিরুদ্ধে বিক্ষোভ দেখায়।
এই বিক্ষোভ আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিজপুরের বিধায়ক সুবোধ অধিকারী, জগদ্দলের বিধায়ক তথা আইএনটিটিইউসি নেতা সোমনাথ শ্যাম তৃণমূল কংগ্রেসের যুব নেতা কমল অধিকারী। এরা দীর্ঘক্ষণ আন্দোলনরত হকারদের সঙ্গে কথা বলেন, তাদের অসুবিধা ও দাবিগুলি শোনেন। এরপর তারা রেলওয়ে স্টেশন মাস্টার ও রেল পুলিশের আধিকারিকদের সাথে কথা বলেন। অবশেষে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে বিক্ষোভ উঠিয়ে নেয় হকাররা। সেই সঙ্গে আপাতত রেলের হকার উচ্ছেদ কর্মসূচিও
স্থগিত রাখা হয়েছে।
এদিন বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, “এই করোনা পরিস্থিতিতে মানুষের কাজ নেই তার মধ্যে এই গরিব হকার ভাইদের উচ্ছেদ করা যাবে না। আমরা সেটা করতে দেব না। আমরা আলোচনা করে বিকল্প ব্যবস্থা না করে এই উচ্ছেদ করতে দেওয়া যাবে না।”

