তরুণ বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার আলিপুরদুয়ারে, খুনের অভিযোগ বিজেপির

আমাদের ভারত, আলিপুরদুয়ার, ৫ জানুয়ারি: তরুণ বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের ঘাগরা এলাকায়। মৃতের নাম শুভ্রজ্যোতি ঘোষ। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, বছর খানেক আগে ভিনরাজ্যে কাজ করতেন শুভ্রজ্যোতি ঘোষ। এরপর আলিপুরদুয়ারে ফিরে আসার পর সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত হন তিনি। শুভ্রজ্যোতি ঘাগরা এলাকায় বিজেপি যুব মোর্চার ১২ নম্বর মন্ডল কমিটির সম্পাদকও ছিলেন। জানা গিয়েছে, মঙ্গলবার সারা রাত ঘরে ফিরেনি শুভ্রজ্যোতি। বুধবার সকালে তার বাড়ির পেছনে অল্প দূরে বাঁশের বেড়ায় তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঝুলন্ত অবস্থায় তাঁর শরীরের বেশিরভাগ অংশই মাটিতে লেগে ছিল। এমতাবস্থায় এটি আত্মহত্যা, না খুন তা নিয়ে না প্রশ্ন উঠেছে।

অন্যদিকে, শুভ্রজ্যোতিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী দ্বারা খুন করা হয়েছে বলে অভিযোগ করছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। সেই কারনেই বিজেপির পক্ষ থেকে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে কর্তব্যরত পুলিশ কর্মীরা। অগত্যা বাধ্য হয়ে আলিপুরদুয়ার বক্সা ফিডার রোড অবরোধ করে বিজেপি কর্মীরা। প্রায় ৩০ মিনিট এই পথ অবরোধ চলার পর আলিপুরদুয়ার থানার পুলিশ মৃতের দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *