জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৫ জানুয়ারি: করোনার দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ আসন্ন। এ অবস্থায় পুলিশ ও সরকারি বিভিন্ন দপ্তরগুলি থেকে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে মাইকিং প্রচার সহ বিভিন্নভাবে। কিন্তু এত প্রচার সত্বেও হুঁশ ফেরেনি সাধারণ মানুষদের। সকাল থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার নবগ্রাম পশুহাটে কাতারে কাতারে মানুষের ভিড় লক্ষ্য করা গিয়েছে। সামাজিক দূরত্ব শিকেয় তুলে মাস্ক না পরে বাজারের মধ্যে ঘোরাঘুরি করেছে ক্রেতা-বিক্রেতারা।

সামাজিক দূরত্ব না মেনে একদম গা ঘেষাঘেষি করেই বাজারে চলেছে কেনাকাটা। বাজার কমিটির তরফ থেকে মাস্ক পরার ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য মাইক প্রচার করা হলেও কে শোনে কার কথা। কমিটির পক্ষ থেকে অভিযান চালানো হলেও নানা রকম অজুহাত দেখিয়ে সহজেই বাজারে কেনা বেচা করেছে ক্রেতা-বিক্রেতারা। কেউ কেউ বলেছেন মাস্ক আনতে ভুলে গেছি, কেউ বলেছেন এইমাত্র খাবার খেলাম ইত্যাদি ইত্যাদি।


