স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৬ জানুয়ারি: নদিয়ার কল্যানীতে জাহাজ কারখানার প্রস্তুতি চলছে দ্রুততার সঙ্গে। বিধান চন্দ্র রায়ের স্বপ্নের শহর কল্যাণী, সেই কল্যাণী শহর ঘিরে তৈরি হয়েছিল শিল্প নগরী। একটা সময়ে বিভিন্ন প্রান্তের শ্রমিকরা কাজে যোগ দিতে আসতো এই শহরে। স্বাভাবিকভাবেই এই শিল্প নগরী কে কেন্দ্র করে কলকারখানা তৈরি হয়েছিল। আনুসাঙ্গিক বহু ব্যবসায়ী ও অর্থনৈতিক মেল বন্ধন সৃষ্টি হয়।
একটা সময়ে কলকারখানার ধোঁয়া ও আলোয় আলোকিত হয়ে থাকতো এই শহর। বিভিন্ন প্রান্তের মানুষের কর্মসুত্রে আনাগোনা ছিল এই প্রাচীন শহরে। কিন্তু উপযুক্ত পরিকাঠামোর অভাবে সেই শিল্প নগরীর একের পর এক শিল্প মুখ থুবড়ে পড়ে। বন্ধ হয়ে গেছে একের পর এক কারখানা। সেই কল্যাণীর মাঝের চরে তৈরি হচ্ছে জাহাজ কারখানা।

এই কারখানার কাজ খুব দ্রুততার সাথেই চলছে। পন্যবাহী জাহাজ নির্মাণ হবে। পাশাপাশি বেশ কিছু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের ব্যবস্থা হবে বলে জানান কল্যাণীর বিধায়ক অম্বিকা রায়। তিনি এই ক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করেন।

