১০বছরে জিটিএ কোনও উন্নয়নমূলক কাজ করেনি: রাজ্যপাল

আমাদের ভারত, শিলিগুড়ি, ৪ জানুয়ারি: শীতকালীন ছুটি কাটাতে সস্ত্রীক পাহাড়ে আসেন রাজ্যপাল জগদীপ ধনকর। সফর চলাকালীন তিনি কপ্টার দুর্ঘটনায় মৃত সতপাল রাই এর পরিবারের সঙ্গেও দেখা করেন। তাদের আর্থিক সহযোগিতাও করেন। এছাড়াও বেশ কিছু ব্যক্তির সঙ্গে তিনি দেখা করেছেন।

এদিন যাওয়ার আগে তিনি বলেন, পাহাড়ের উন্নয়নের জন্য ১০বছর আগে জিটিএ তৈরি করা হয়েছিল। কিন্তু এই ১০বছরে জিটিএ কোনও উন্নয়নমূলক কাজ করেনি। অথচ দার্জিলিংকে পর্যটন মানচিত্রে সকলের সেরা জায়গায় নিয়ে যাওয়া যেত। এই সুযোগ রয়েছে আমাদের কাছে। কিন্তু এরা কোনও কাজ করেনি। এখানে রাস্তার হাল বেহাল। এমনকি বহু বাসিন্দার এখনও ভোটার তালিকায় নাম ওঠেনি। তাই নিয়ে কোনও চিন্তভাবনা নেই এই সংস্থার।

অথচ এই সংস্থার জন্য ১০০০কোটি টাকা এসেছে। তারও কোনও হিসেব নেই। কোথায় গেলো এত টাকা, কোন খাতে খরচ হলো তা জানার জন্যই অডিটের প্রয়োজন রয়েছে। আর যারা এই কাজের সঙ্গে যুক্ত তাদের খুঁজে বের করা উচিত। তাদের রাজনৈতিক ছাতার তলায় রাখা উচিত নয়। তিনি আরও বলেন, আমি নিজে চা বাগানে গিয়েছি। সেখানে গিয়ে বাগান শ্রমিক সহ মালিকদের সঙ্গে কথাও বলেছি। তাদের দুঃখ, দুর্দশার কথা শুনেছি। পাশাপাশি তিনি দার্জিলিংকে শুভেচ্ছা জানান। কারণ তিনি দাবি করেন, সারা দেশের পার্বত্য এলাকার মধ্যে দার্জিলিং সবথেকে পরিষ্কার। স্বচ্ছ ভারতের আদর্শ উদাহরণ হলো আমাদের পাহাড়। এখানকার বাসিন্দারা এতটাই সচেতন যে তারা যত্রতত্র বোতল, প্লাস্টিক কিংবা অন্যকিছু রাস্তার মাঝে ফেলে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *