জে মাহাতো, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৪ জানুয়ারি: ২০০৭ সালের পর ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের খেজুরি। সোমবার রাতে বোমা বিস্ফোরণে ২ তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন তৃণমূল কর্মী তমলুক হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে। ঘটনাটি ঘটেছে খেজুরি বিধানসভার পশ্চিম ভাঙ্গনমারি এলাকায়। জানাগেছে, মৃত দুই তৃণমূল কর্মীর নাম অনুপ দাস(৩০) ও কঙ্কন করণ (৩৫)। এই ঘটনার পর বিজেপি ও তৃণমূলের মধ্যে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
সূত্রের খবর, সোমবার রাত দশটা নাগাদ আচমকাই বিস্ফোরণে কেঁপে উঠে খেজুরির পশ্চিম ভাঙ্গনমারি এলাকা। স্থানীয় বাসিন্দারা একটি পরিত্যক্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ছুটে গিয়ে দেখেন বেশ কয়েকজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। এরপর তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে দু’জনের মৃত্যু হয়। কয়েকজন কলকাতা ও তমলুকের বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। যদিও পুলিশের তরফ থেকে বলা হয়েছে কি কারণে এমন ঘটনা তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্যাস সিলিন্ডার ফেটে এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে পুলিশের অনুমান।

যদিও এ বিষয়ে সুস্পষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক তাপস দোলাই বলেন, “সারা রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পাপের রাজত্ব তৈরি করেছে। তাতে তাদের কর্মীদেরই মরতে হচ্ছে। যে বোমা বানাতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারা গেছে সেই বোমা নিয়ে খেজুরির বিস্তীর্ণ এলাকায় তৃণমূল কর্মীরা তাণ্ডব শুরু করেছে। তৃণমূল কংগ্রেস পয়লা জানুয়ারি থেকে প্রতিষ্ঠা দিবস নয় খেজুরিতে সন্ত্রাস দিবস পালন করছে। বেশ কয়েকজন তৃণমূল কর্মী বোমা বাঁধার কাজ করছিল। খেজুরি বিধানসভায় হার সহ্য করতে না পেরে এমন তাণ্ডব শুরু করেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা।”
বিজেপির তোলা অভিযোগ উড়িয়ে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল যুব সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, “কোনো কিছু হলেই বিজেপি তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে দেয়। পুলিশ প্রশাসনকে পুঙ্খানুপুঙ্খ তদন্ত করার অনুরোধ জানাই। তদন্ত হলেই আসল তথ্য উদ্ঘাটন হবে।
খেজুরির তৃণমূল নেতা পার্থপ্রতিম দাস বলেন, “ঠিক কি কারণে এমন ঘটনা তা তদন্ত করে দেখার জন্য পুলিশকে অনুরোধ করেছি। গ্যাস সিলিন্ডার ফেটে গিয়ে এমন ঘটনা ঘটতে পারে বলে অনুমান করা হচ্ছে। তিনি বলেন, দীর্ঘ কয়েক দিন ধরে খেজুরিতে বিজেপি নেতা কনিষ্ক পণ্ডা সভা করছেন। তার মদতেই এমন ঘটনা ঘটেছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে”।
প্রসঙ্গত, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের প্রথম দিন থেকেই উত্তপ্ত হয়ে উঠেছিল খেজুরি বিধানসভার বিস্তীর্ণ এলাকা।কয়েকদিন আগে খেজুরির ঘোড়াঘাট, কটকাদেবী চক গ্রামে রাতের অন্ধকারে একাধিক বিজেপি কর্মীর উপর তাণ্ডব চালানোর ঘটনায় বিজেপির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। বিজেপির অভিযোগ, বিজেপি কর্মী বুলু গিরিকে বাড়ি থেকে তুলে নিয়ে যায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা। তাকে বেধড়ক মারধর করে হাত-পা ভেঙ্গে ঝোপের মধ্যে ফেলে দিয়ে পালায়। তারপর দফায় দফায় উত্তপ্ত হয় খেজুরি। এলাকার বিজেপি নেতা তাপস দলাই সহ বিধায়ক শান্তনু প্রামানিকের নেতৃত্বে ওই বিজেপি কর্মীকে উদ্ধার করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হয়।

