বিধায়ক রাজ চক্রবর্তীর নেতৃত্বে টিটাগড়ে তৃণমূল প্রার্থীদের নিয়ে মহা মিছিল

আমাদের ভারত, ব্যারাকপুর, ১৪ ফেব্রুয়ারি: টিটাগড় পৌরসভা অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নিয়ে আজ মহা মিছিল আয়োজন করা হয়। বিধায়ক রাজ চক্রবর্তীর নেতৃত্বে মিছিলটি তৃণমূল কংগ্রেসের টিটাগরের সদর কার্যালয় থেকে শুরু হয়ে টিটাগর পৌরসভা অঞ্চলের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলের শেষে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, এত মানুষের সমাগম প্রমাণ করে তৃণমূল কংগ্রেসের অবস্থান কোথায় আর গত বিধানসভা নির্বাচনে পৌরসভা অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় জয়ের ব্যবধান কম ছিল। মানুষের উপস্থিতি ও সমর্থন প্রমাণ করে দিল সেই ব্যবধান ছাপিয়ে যাবে পৌর নির্বাচনে।

টিটাগরে পৌর ভোটের প্রচারে বেরিয়ে এদিন সাধারণ ভোটারদের নির্ভয়ে বাড়ি থেকে বেরিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আশ্বাস দিলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি এদিন বলেন, “আজ ৪ পৌর নিগমের ফলাফল প্রমাণ করে দিল বিরোধী বলে কিছু নেই। আর আমার বিধানসভা কেন্দ্রের পৌর সভাগুলিতে মানুষ নিজের ভোট যাতে নিজেরা দেন তার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে। মানুষ উন্নয়ন চাইলে নিজের ভোট নিজে দেবে।”

এদিন রাজ চক্রবর্তীকে সম্প্রতি টিটাগড়ে হওয়া বোমা বিস্ফোরণ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “যেটা ঘটেছে সেটা খুবই খারাপ হয়েছে, এটা খুব দুঃখের। বোমা ফেটে একটা বাচ্চা গুরুতর আহত হয়েছিল। আগামী দিনে যাতে আর এই ধরনের দুষ্কৃতী কাজকর্ম টিটাগড়ে না হয় আমাদের সেই দিকে সতর্ক থাকতে হবে। পুলিশ গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে।দোষীরা শাস্তি পাবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *