Better India, Governor, ও শ্রেষ্ঠ ভারত গড়ার লক্ষ্যে দেশের যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান রাজ্যপালের

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৩ জুন: বিকশিত ভারত ও শ্রেষ্ঠ ভারত গড়ে তোলার লক্ষ্যে দেশের যুব সমাজ, বিশেষ করে নতুন গ্র্যাজুয়েটদের এগিয়ে আসার আহ্বান জানালেন রাজ্যপাল এ এন রবি। বুধবার তিনি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ২৩তম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে আসেন। উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক দীপক কুমার কর, রেজিস্টার জয়ন্ত কিশোর নন্দী, বিশিষ্ট শিক্ষাবিদ ড: অনুপম বসু।

এদিন দেশের অন্যতম মহাকাশ বিজ্ঞানী ড: এস সোমনাথ এবং বিজ্ঞানী ড: দেবীপ্রসাদ দুয়ারী’কে ডিএস সি এবং পুরষ্কার প্রাপ্ত কবি ড: বাসবী ফ্রাসের’কে ডি লিট উপাধি দেওয়া হয়। ৩৬৪ জনকে পি এইচ ডি ডিগ্রি দেওয়া হয়। ১৮৭৭৯ জনকে মাষ্টার ডিগ্রি দেওয়া হয়।

দীক্ষান্ত ভাষণে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপাল বলেন, আজ যাঁরা পোষ্ট গ্রাজুয়েট ২০৪৭ সালে তাঁরাই হবেন দেশের চালিকা শক্তি। এরমধ্যে উল্লেখযোগ্য ভূমিকায় দেখা যাবে নারী শক্তিকে। তিনি বলেন, তোমরাই জাতীর সম্পদ। আগামীর ভবিষ্যৎ। তাই স্বপ্ন ছোটো দেখো না। বড় দেখো।

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জীবন দর্শন তুলে ধরে তিনি জানান, এই বিশ্ব বিদ্যালয় এমন একজনের নামে যিনি শুধুমাত্র শিক্ষাবিদ, সমাজ সংস্কারক নন, তিনি সারা দেশকে আলোর পথ দেখিয়েছেন। আজকের শিক্ষার্থীরা অবশ্যই বেশি করে তাঁর জীবন সম্পর্কে আগ্রহী হবেন।
এই বিশ্ববিদ্যালয়ে যাতে ভালো মেধাসত্ত্ব গড়ে ওঠে সেবিষয়ে অধ্যাপক থেকে পড়ুয়া সকলকেই উদ্যোগী হতে হবে। প্ৰয়োজনে দেশের অন্য কোনো বিশ্ব বিদ্যালয় বা আই আই টির সঙ্গে যোগসূত্র গড়ে তুলতে হবে।

দেশের প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, উনি গত দেড় দশকে ভারতকে এক নতুন দিশা দেখিয়েছেন। এর ফলে এক ভারত শ্রেষ্ঠ ভারত থেকে বিকশিত ভারত হয়ে উঠেছে। আগে বিশ্বে ভারতের স্থান ছিল ৭৬তম। এখন তা হয়েছে ৬ তম। একদিনে তা হয়নি। ছাত্র, শিক্ষক, গবেষক, বিজ্ঞানী, শিল্প, অর্থ সব দিক থেকে হয়েছে।
চিন্তার বদল ঘটানোর কথা বলে জানান, এখনো দেশের ২৫০০ সেরা আই আই টি প্রাক্তনী আমেরিকা সহ উন্নত দেশগুলিতে গিয়ে সেসব দেশের বিজ্ঞান, শিল্প উন্নত করছে। এখন দেশেই রিসার্চ, দেশেই শিল্প কারখানা গড়ে তোলার পরিবেশ সৃষ্টি হয়েছে। রাজ্যপাল বলেন, আজ যাঁরা পাশ আউট, তাঁরা চাকরির খোঁজে যাবার পাশাপাশি নিজেরাও স্টার্ট আপ করতে পারে। এতে তাঁরা অন্যের চাকরি দাতা হতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *