FIR, Mamata, সার্বভৌমত্বে আঘাত ও দেশবিরোধী মন্তব্য, মমতার বিরুদ্ধে থানায় এফআইআর

আমাদের ভারত, ৪ জুন: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক একটি মন্তব্যকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছে। তার বিরুদ্ধে শিলিগুড়ি সাইবার অপরাধ থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগকারীর দাবি, একটি জনসভায় দেওয়া বক্তব্যের মাধ্যমে তিনি এমন কিছু মন্তব্য করেছেন যা জাতীয় নিরাপত্তা, দেশের ভাবমূর্তি এবং প্রশাসনিক সংস্থাগুলির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে।

কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এক আইনজীবী এই অভিযোগ দায়ের করেছেন বলে জানাগেছে। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এক জনসভায় নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ভূমিকা নিয়ে মন্তব্য করেন। সেই বক্তব্যে তিনি প্রতিবেশী দেশ বাংলাদেশে ঘটে যাওয়া একটি বহুল আলোচিত হত্যাকাণ্ডের প্রসঙ্গ উত্থাপন করেন। অভিযোগকারীর মতে এই মন্তব্যের মাধ্যমে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে যা দেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

অভিযোগে বলা হয়েছে, গত বছরের ডিসেম্বর মাসে বাংলাদেশে একটি হত্যাকাণ্ড ঘটে। পরে চলতি বছরের জানুয়ারিতে সেই ঘটনার সঙ্গে যুক্ত সন্দেহে দু’জন ব্যক্তি মেঘালয় সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করলে রাজ্যের বিশেষ টাস্কফোর্স তাদের গ্রেফতার করে।

গত ২ জুন ধর্মতলায় একটি সভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এই ঘটনা নিয়ে তিনি মন্তব্য করেন। সরাসরি কোনো ব্যক্তির নাম না করলেও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, এই গুরুত্বপূর্ণ ঘটনার নেপথ্যে কারা জড়িত সে বিষয়ে তার কাছে তথ্য আছে। পাশাপাশি তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও ইঙ্গিতপূর্ণভাবে কয়েকটি মন্তব্য করেন বলে অভিযোগ।

আইনজীবীর দাবি, একজন প্রবীণ রাজনৈতিক নেত্রীর এমন মন্তব্য সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। নিরাপত্তা ব্যবস্থা এবং বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রতি মানুষের আস্থায় প্রভাব ফেলতে পারে। সেই কারণেই ভারতীয় ন্যায়সংহিতার একাধিক ধারার উল্লেখ করে তার বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করার আবেদন জানানো হয়েছে।

অভিযোগকারী দাবি করেছেন, এই ধরনের মন্তব্য দেশের সার্বভৌমত্ব, জাতীয় সংহতির পরিপন্থী হতে পারে। তাই বিষয়টির নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উপযুক্ত আইনি পদক্ষেপের আবেদন জানানো হয়েছে বলে জানাগেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *