আমাদের ভারত, কলকাতা, ১২ এপ্রিল: হাঁসখালিকান্ডে কড়া প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর।
মঙ্গলবার ধনকর টুইটারে লিখেছেন, “হাঁসখালির লজ্জাজনক ধর্ষণের মত ঘটনা, লাঞ্ছিতাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। যখন কর্তৃত্ব ও সাংবিধানিক অবস্থানে থাকা লোকেরা বিচারিক অবস্থান নির্দেশ করে, সেরকম অবস্থায় এধরণের অপরাধের তদন্ত কলঙ্কিত এবং আপসের বিষয় হয়। এটি আইনের পরিপন্থী এবং সুষ্ঠু ও স্বাধীন তদন্তকে বাধাগ্রস্ত করে। কারণ পুলিশ এই ধরনের ক্ষেত্রে হস্তক্ষেপে বাধ্য হয়।”
প্রসঙ্গত, হাঁসখালি কাণ্ড নিয়ে সোমবার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘শরীরটা পুড়িয়ে দিলেন। আমি লেম্যান হয়ে বলছি, সবটা না জেনেও, প্রমাণটা পাবে কোথা থেকে? রেপ হয়েছে, নাকি প্রেগন্যান্ট ছিল বা অন্য কোনও কারণ হয়েছে, নাকি কেউ ধরে দুটো চড় মেরেছে, তাই শরীরটা খারাপ হয়েছে। লাভ অ্যাফেয়ার্স তো ছিলই। বাড়ির লোকেরা সেটা জানত। পাড়ার লোকেরাও জানত। এখন যদি কোনও ছেলে-মেয়ে কেউ কারও সঙ্গে প্রেম করে, সেটা আমার পক্ষে আটকানো সম্ভব নয়। এটা ইউপি নয় যে আমি লাভ জিহাদ নিয়ে অনুষ্ঠান শুরু করব। যদি কেউ অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হবে। অ্যাকশন হয়েছে। গ্রেফতার করা হয়েছে এবং কোনও রঙ দেখা হচ্ছে না। মনে রাখবেন এটা দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে হয় না। বাংলায় হয়।’

