হাঁসখালি কাণ্ডে মৃত কিশোরীর বাড়িতে মহিলা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১২ এপ্রিল: আমি মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেবো না, কারণ আমি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি নই। পুলিশ যেভাবে তদন্ত করছে আমি সন্তুষ্ট। মঙ্গলবার নদিয়ার হাঁসখালি ধর্ষণকাণ্ডে মৃত কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করতে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া দিলেন মহিলা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। হাঁসখালি ধর্ষণ কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২। মূল অভিযুক্ত সোহেলকে জিজ্ঞাসাবাদ করে তার বন্ধু প্রভাকর পোদ্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাকে রানাঘাট মহাকুমা আদালতে তোলা হয়েছে।

অন্যদিকে গতকাল মহিলা শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী কিশোরীর পরিবারের সঙ্গে দেখা করেছিলেন। এদিনও কিশোরীর বাড়িতে এসে তার পরিবারের সঙ্গে দেখা করেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ইতিমধ্যেই এই ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর পাশাপাশি যারা এই ঘটনায় জড়িত ছিল তাদের চিহ্নিত করে তদন্ত চলছে। যদিও মুখ্যমন্ত্রীর বক্তব্যের কোনো পাল্টা প্রতিক্রিয়া দিতে চাননি তিনি। এদিন যে শ্মশানে ওই কিশোরীকে দাহ করা হয়েছিল সেই শ্মশান পরিদর্শন করে দেখেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *