Governor, CM, নতুন প্রজন্মকে পরিবর্তনের ডাক রাজ্যপালের, পাল্টা লাট সাহেব বলে তোপ মুখ্যমন্ত্রীর

আমাদের ভারত, ১৫ এপ্রিল: বাঙালির নববর্ষে
লোকভবনে এক অনুষ্ঠানে রাজ্যের অতীত ঐতিহ্যের সঙ্গে বর্তমান পরিস্থিতির তুলনা টেনে নতুন প্রজন্মকে পরিবর্তনের ডাক দিলেন রাজ্যপাল আর এন রবি। তাঁর দাবি, একদা অর্থনীতির শীর্ষে থাকা পশ্চিমবঙ্গ আজ অনেকটাই পিছিয়ে পড়েছে। আর রাজ্যপালের এই মন্তব্যের পরই পাল্টা আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার রাজ্যপাল পরিসংখ্যান তুলে ধরে দেখান স্বাধীনতার পরবর্তী দশকগুলিতে পশ্চিমবঙ্গ ছিল দেশের সেরা তিন অর্থনীতির অন্যতম। তাঁর বক্তব্য, ৬০ দশকে দেশের মোট জিডিপির দশ শতাংশের বেশি আসতো পশ্চিমবঙ্গ থেকে। কিন্তু আজ জাতীয় পুঁজিতে আমাদের ভাগ ৫% নেমে এসেছে। এমনকি স্কুল- কলেজের নাম নথিভুক্তকরণের হার জাতীয় গড়ের তুলনায় রাজ্যে কম বলে উদ্বেগ প্রকাশ করেন তিনি।

রাজ্যপাল তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, পরিবর্তনে অংশ নেওয়ার প্রতিজ্ঞা করুন। এই পরিবর্তন আকাশ থেকে পড়বে না, আমাদেরই করতে হবে। যখন দেশ দ্রুত গতিতে এগোচ্ছে তখন পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকতে পারে না। আটের দশকের আগে মাথাপিছু আয় যে রাজ্যে প্রথম সারিতে ছিল, আজ অন্তত ১৫টি রাজ্য পশ্চিমবঙ্গের চেয়ে এগিয়ে রয়েছে।

রাজ্যপালের এই মন্তব্যের কিছু পরেই কারো নাম না নিয়ে উত্তর দিনাজপুরের ইসলামপুরের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার লাট সাহেব, সবচেয়ে বড় বাড়িতে যিনি থাকেন, তিনি আজ বিবৃতি দিয়েছেন। নববর্ষে বাংলার মানুষকে অভিনন্দন জানানোর বদলে আমাকে গালি দিয়েছেন। আকারে ইঙ্গিতে স্পষ্ট যে তিনি রাজ্যপালকে নিশানা করেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাজ্যপালের প্রচ্ছন্ন ইঙ্গিতের জবাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা যুক্তি, বর্তমানে নির্বাচন কমিশনের অধীনে সবকিছু থাকায় আইন- শৃঙ্খলা রাজ্যের হাতে নেই।

গত মার্চে দায়িত্ব নেওয়ার পর থেকে রাজ্যপাল রবির সঙ্গে নবান্নের সমীকরণ গত এক মাসে খুব একটা মিষ্ট নয়। ২১ মার্চ রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু নববর্ষের দিনই রাজ্যপাল রাজ্যের আর্থিক অধঃপতন সংক্রান্ত মন্তব্যে সেই সৌজন্যের সাক্ষাত জলে গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *