অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২ এপ্রিল: প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেওয়ার অপরাধে বিয়ের প্রায় এক মাস পর ব্লক প্রশাসনের দায়ের করা এফআইআরের ভিত্তিতে বাবাকে গ্রেফতার করল গোপীবল্লভপুর থানার পুলিশ।
জানা গেছে, গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের শাষড়া ৩ নম্বর অঞ্চলের আসনবনি গ্রামের মনোরঞ্জন দাস তার কিশোরী মেয়ে সুলেখা দাসের বিয়ে দেন গত মার্চ মাসের ৩ তারিখ। ঘটনার পরের দিন সুত্র মারফত গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র জানতে পারেন, আসনবনি গ্রামে কিশোরীর এই বিয়ের বিষয়টি। পরে বিডিও তার ব্লকের সোশ্যাল ওয়েলফেয়ার অফিসার দীপ গাঙ্গুলিকে বিষয়টি নিয়ে খোঁজখবর চালাতে বলেন। সেই মতো ব্লকের সোস্যাল ওয়েলফেয়ার দফতরের আধিকারিকরা ব্লকের কন্যাশ্রী পোর্টাল থেকে ডেটা সংগ্রহ করে দেখেন আসনবনী গ্রামের মনোরঞ্জন দাসের সদ্য বিয়ে দেওয়া মেয়েটির সরকারি মতে বিয়ের বয়স হয়নি। ঘটনার সমস্ত তথ্য হাতে পেয়ে মেয়ের বিয়ে দেওয়ার অপরাধে বাবার নামে গোপীবল্লভপুর থানায় এফআইআর করেন ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র।সেই মতো মেয়ের বাবাকে গ্রেফতার করে গোপীবল্লভপুর থানার পুলিশ।
পুলিশ সুত্রে খবর, গ্রেফতারের পর শনিবার বিচারের জন্য কিশোরীর বাবা মনোরঞ্জন দাসকে ঝাড়গ্ৰাম আদালতে তোলা হয়েছে।
এদিকে ব্লক প্রশাসনের এই কঠোর পদক্ষেপের বিষয়ে বলতে গিয়ে গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের সোস্যাল ওয়েলফেয়ার অফিসার দীপ গাঙ্গুলি বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় কিশোরীদের বিয়ে আটকাতে নানা ধরনের সচেতনতামূলক কর্মসূচি নিয়ে থাকি। কোনো কিশোরীর বিয়ে হচ্ছে খবর পেলে সঙ্গে সঙ্গে গিয়ে বিয়ে আটকানো হয়। কিন্তু এক্ষেত্রে বিয়ে হয়ে যাওয়ার পর সুত্র মারফত খবর পেয়ে এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে আগামী দিনে এলাকায় নাবালিকা কন্যার বিয়ে রোখা যায়।

