জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ এপ্রিল: ইতিহাস গবেষণার জন্য মেদিনীপুর কলেজকে নিজের বাড়ি দান করলেন কলেজেরই প্রাক্তন ছাত্রী ড: অন্নপূর্ণা চ্যাটার্জি। ইতিহাস চর্চা ও গবেষণায় অসামান্য সাফল্যের জন্য অন্নপূর্ণাদেবী এবছরই এশিয়াটিক সোসাইটির আরপি চন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন।
শনিবার তিনি মেদিনীপুর কলেজের অধ্যক্ষ ড: গোপাল চন্দ্র বেরার হাতে তাঁর উইল করা বাড়ির দলিল তুলে দেন। এই কলেজের প্রাক্তন ছাত্রী অন্নপূর্ণা চ্যাটার্জি দীর্ঘদিন মেদিনীপুর গোপ (মহিলা) কলেজে অধ্যাপনা করেছেন। বর্তমানে তিনি এশিয়াটিক সোসাইটির রিসার্চ ফেলো। তাঁর বয়স ৯১ বছর। ইতিহাস চর্চায় ডুবে থাকার ফলে তাঁর সংসার জীবনে প্রবেশ করা হয়নি।

শনিবার কলেজে এসে জানালেন, আগে একই বাড়িতে যৌথ পরিবারে থাকতেন। তাঁর বইপত্র, গবেষণা সংক্রান্ত কাগজ, পাণ্ডুলিপি, পুরাতন সব দলিল দস্তাবেজে কয়েকটি ঘর ভরে উঠেছিল। এজন্য মেদিনীপুরের ক্ষুদিরাম নগরে মাইকো লেনে একটি দোতলা বাড়ি নির্মাণ করেন। ১৯৯৮ সাল থেকে সেখানেই একা থাকেন। ২ জন সর্বক্ষণের পরিচারিকা আছেন। তাঁরাই তাঁর দেখভাল করেন। সম্প্রতি কলেজের ১৫০ বছর পূর্তি অনুষ্ঠানে তাঁকে আমন্ত্রণ জানানোর সময়ই তিনি কলেজকে এই প্রস্তাব দেন।
কলেজের অধ্যক্ষ ড: গোপাল চন্দ্র বেরা জানান, ইতিহাস নিয়ে তিনি এখনো লেখালিখি করছেন।

