আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৯ জুন: আন্তর্জাতিক মাদক বিরোধী সপ্তাহের মধ্যেই বড় সাফল্য পেল উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর থানার পুলিশ। নিয়মিত নাকা চেকিং চলাকালীন একটি চারচাকা গাড়ি থেকে উদ্ধার হলো প্রায় ৮০০ বোতল ফেনসিডিল, যার বাজার মূল্য লক্ষাধিক টাকা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনায় গাড়ির চালককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার ভোরবেলায় গোপালনগর থানার উদ্যোগে বাজিতপুর রোডের বিভূতিভূষণ পার্ক সংলগ্ন এলাকায় নাকা চেকিং চলছিল। সেই সময় বন্যা এলাকার দিক থেকে আসা একটি চারচাকা গাড়িকে সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ সেটিকে থামায়। এরপর গাড়িতে তল্লাশি চালাতেই বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া প্রায় ৮০০ বোতল ফেনসিডিল বেআইনিভাবে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মাদকগুলি বগুড়া নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। যদিও এই পাচার চক্রের সঙ্গে আর কারা জড়িত এবং মাদকের উৎস কোথায়, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা। আটক গাড়ির চালককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ মনে করছে, এই ঘটনার সঙ্গে একটি বড় মাদক পাচার চক্রের যোগ থাকতে পারে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং শীঘ্রই আরও কয়েকজনকে গ্রেফতার করা হতে পারে বলে পুলিশ সূত্রের দাবি।
বিশ্ব মাদকবিরোধী সপ্তাহে গোপালনগর থানার এই অভিযানকে বড় সাফল্য হিসেবেই দেখছেন পুলিশ কর্তারা। তাঁদের বক্তব্য, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রুখতে ভবিষ্যতেও একইভাবে কড়া নজরদারি ও নাকা চেকিং অব্যাহত থাকবে।

