আমাদের ভারত, ১৪ অক্টোবর: চাকরিজীবীদের জন্য বড় খবর, আগামী বছর দেশে চাকুরীজীবীদের বেতন প্রায় এক ধাক্কায় ৯.১ শতাংশ বাড়বে। সাম্প্রতিক একটি রিপোর্ট এমনটাই দাবি করেছে আন্তর্জাতিক সংস্থা এওন।
দেশের ৪৫টি শিল্প ক্ষেত্রের সঙ্গে যুক্ত ১২০০টির বেশি সংস্থার তথ্য খতিয়ে দেখে এই রিপোর্ট প্রকাশ করেছে সংস্থাটি। ভারতের আভ্যন্তরীণ বাজার আরো শক্তিশালী হয়েছে। ফলে বিনিয়োগ বেড়েছে। বিদেশের মাটিতেও ভারতের পণ্যের বিক্রি বেড়েছে। যেহেতু মুনাফা বেড়েছে তাই বেতন বাড়ছে দেশের চাকরিজীবীদের।
পাশাপাশি এওন- এর তরফে বেতন বৃদ্ধি সংক্রান্ত আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে টাকা থাকলেও অধিকাংশ ক্ষেত্রে সমস্যা হলো দক্ষ কর্মীকে ধরে রাখা। ভারতে চাকরি ছেড়ে অন্য সংস্থায় যোগ দেওয়ার প্রবণতা অনেক বেড়েছে। এই দক্ষ কর্মীরা যাতে বেশি টাকার প্রলোভনে অন্য সংস্থায় চলে না যায় সেদিকে কড়া নজর কর্তৃপক্ষের।
দক্ষ কর্মীদের ভালো বেতন দিয়ে আটকে রাখতে চেষ্টা করবে সংস্থাগুলি যা বেতন বৃদ্ধির জন্য সহায়ক দিক। যদিও ওই আন্তর্জাতিক সংস্থার মতে সব ধরনের চাকরিতে সমান হারে বেতন বাড়বে না। রিপোর্টে দাবি করা হয়েছে, তিন ক্ষেত্রে সবচেয়ে বেতন বৃদ্ধির সম্ভাবনা আছে।
তার মধ্যে এন বি এফ সি। এগুলি সেই সব আর্থিক সংস্থা যারা মূলত ঋণ দেওয়া বা ফাইনান্সের কাজ করে। এইসব সংস্থায় প্রায় ১০.১% হারে বেতন বৃদ্ধি হতে পারে।বিদ্যুৎ বা জ্বালানি সংক্রান্ত সংস্থাতে বেতন বাড়তে পারে ৯.৯ শতাংশ। রিয়েল এস্টেট অর্থাৎ আবাসন ক্ষেত্রে যুক্ত সংস্থাগুলিতে ৯.৮% বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
এওন- এর ট্যালেন্ট সলিউশন ইন্ডিয়ার পার্টনার এবং রিওয়ার্ড কন্সাল্টিং লিডার রূপান্ত চৌধুরী বলেন, সকল কর্মীর সমান হারে বেতন বাড়ছে না বরং অত্যন্ত হিসেবী পদ্ধতি অবলম্বন করছে তারা। যে কর্মীরা বিশেষ দক্ষ, যাদের ছাড়া কাজ চালানো মুশকিল কেবলমাত্র তাদের জন্যই বেশি অর্থ খরচ করছে সংস্থা গুলো।
তবে কেবলমাত্র বেতন বৃদ্ধি নয়, এ আই এর
বাড়- বাড়ন্তে চাকরি থেকে ছাটাইয়ের ঘটনাও ক্রমাগত বাড়ছে। ২০২৪ সালে চাকরি থেকে ছাটাইয়ের পরিমাণ ১৭.১%। ২০২৫ সালে তা বেড়ে হয়েছে ১৬.২%। ২০২৬ সালে সেটা বেড়ে হতে চলেছে ১৮ শতাংশ।

