প্রশিক্ষণ ছাড়া সাপ ধরার বাহাদুরি দেখাতে গিয়েই আবারও রায়গঞ্জে বিষধর সাপের ছোবল খেল এক যুবক

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৪ সেপ্টেম্বর: প্রশিক্ষণ ছাড়া সাপ ধরার বাহাদুরি দেখাতে গিয়ে আবারও রায়গঞ্জে বিষধর সাপের ছোবল খেল এক যুবক। একবার দুবার নয়, তিন তিন বার একই সাপের ছোবল খেয়ে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক। সাপ ধরার কোনও প্রশিক্ষণ না থাকায় এই দুঃসাহস দেখাতে গিয়েই বিপত্তি বলে জানান স্থানীয়রা।

জানা গেছে, আহত ওই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ, পেশায় টোটো চালক। বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় প্রায় ৪ ফুটের একটি বিষাক্ত গোখরো সাপ ধরতে যায় সে। সাপটির মাথা ধরে কৌটো বন্দি করতে গেলে সাপটি তার হাতে ছোবল বসায়। এমন দৃশ্যই কার্যত মোবাইল বন্দি করেছিলেন সেই সময়ে তার পাশে থাকা অন্যান্যরা। সাপের দংশনের দৃশ্যও রেকর্ড হয় সেই ভিডিওতে। খবর পেয়ে রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংগঠনের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করার পাশাপাশি ওই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করায়। বর্তমানে সে আশঙ্কাজনক থাকায় তাকে রাতেই সিসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে মেডিকেল কলেজের তরফে জানানো হয়েছে। তার পাশাপাশি প্রশিক্ষণ ছাড়া এভাবে সাপ না ধরার বার্তা দিয়েছেন চিকিৎসক ও পশুপ্রেমীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *