নীল বাড়ি দখলের লড়াইয়ে ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়ে রুদ্রনীল ঘোষের সমর্থনে ভোট চাইলেন অমিত শাহ

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৯ এপ্রিল:
২০২১-এর নীল বাড়ির লড়াইয়ে মমতার পাড়ায় হানা দিলেন অমিত শাহ। শুক্রবার দুপুরে ভবানীপুর বিধানসভায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে চৈত্রের দুপুরে ক্লান্তিহীনভাবে প্রচার সারলেন তিনি।

ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি সব সময় ভিআইপি আসন। যদিও এবার এই কেন্দ্র থেকে প্রার্থী হননি মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি প্রার্থী না হলেও এই কেন্দ্রটি ধরে রাখা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রেস্টিজ ফাইট। তৃণমূলের হয়ে ভবানীপুর কেন্দ্র থেকে এবার লড়াই করছেন বর্ষিয়ান নেতা শোভন দেব চট্টোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে বিজেপির প্রার্থী হয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। তাকে জেতাতেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বেলতলা সংলগ্ন বস্তিতে প্রচার সারলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রুদ্রনীল ঘোষের হয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইলেন তিনি।

এবারের নির্বাচনে ভবানীপুর বিধানসভা কেন্দ্রটি ছিনিয়ে নিতে উঠে পড়ে লেগেছে বিজেপি। এই কেন্দ্রের একটা বড় অংশ ভোটার হিন্দিভাষী। গুজরাট, রাজস্থান সহ উত্তর প্রদেশের গোবলয়ের বাসিন্দারা বাস করেন। তাদের ভোটের সঙ্গে সামান্য বাঙালি ভোট নিজেদের অনুকূলে নিতে পারলেই ভবানীপুর আসনটি জেতা যাবে মনে করছেন বিজেপি নেতৃত্ব। তাই অমিত শাহর মত দলের প্রথম সারির মুখকে মাঠে নামিয়ে ভবানীপুরে পদ্ম ফোটানোর চেষ্টায় মুরলীধর সেন লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *