“ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনই সমর্থন নয়”, কালিয়াগঞ্জে বললেন অধীর চৌধুরী

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ এপ্রিল: ভোটের পরে মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনই সমর্থন নয়, সাফ জানিয়ে দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি এও জানালেন মমতার প্রয়োজন হলে বিজেপির সাথে ঘর করবে ওদের মধ্যে পুরোনো সম্পর্ক আছে। সংযুক্ত মোর্চার নেতা অধীর রঞ্জন চৌধুরী আত্মবিশ্বাসের সাথে দাবি করলেন রাজ্যে ক্ষমতায় আসছে সংযুক্ত মোর্চাই। শুক্রবার ইসলামপুর পৌর বাস টার্মিনালে সংযুক্ত মোর্চার ডাকে এক জনসভায় যোগ দিতে এসে এমন মন্তব্য করলেন লোকসভার বিরোধী দলনেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।

শুক্রবার কালিয়াগঞ্জের নাট মন্দিরের মাঠে সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকারের সমর্থনে নির্বাচনী জনসভা করার পর বিকেল ৪টেয় ইসলামপুর বিধানসভার সংযুক্ত মোর্চার কংগ্রেস প্রার্থী সাদিকুল ইসলামের সমর্থনে নির্বাচনী জনসভা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। জেলা কংগ্রেস ও বামফ্রন্টের শীর্ষ নেতৃত্ব প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর জনসভায় উপস্থিত থাকলেও আশ্চর্যজনকভাবে দুটি সভার একটিতেও দেখা মেলেনি প্রদেশ কংগ্রেস সম্পাদিকা দীপা দাসমুন্সিকে। এদিন ইসলামপুরের জনসভা শেষে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী আত্মবিশ্বাসের সাথে দাবি করেন, রাজ্যে এবার সংযুক্ত মোর্চার সরকার গঠন হচ্ছেই। সংযুক্ত মোর্চার নেতৃত্বে বাংলায় পরিবর্তন আসছে। এই মুহুর্তে গোটা রাজ্যে সংযুক্ত মোর্চার ঝড় উঠেছে, সেই ঝড় তুফানে রূপান্তরিত হয়েছে। সরকার গঠনের প্রয়োজনে সংযুক্ত মোর্চা তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবে কিনা এই প্রশ্নের জবাবে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন কখনই সংযুক্ত মোর্চা তৃণমূলকে সমর্থন করবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *