আমাদের ভারত, বাঁকুড়া, ১১ অক্টোবর: ১৭৩ বছরের ঐতিহ্য অনুসারে মহালয়ার পর পিতৃপক্ষের শেষে ও দেবীপক্ষের শুরুতে বাঁকুড়ার বড় ষোলোআনা দুর্গা মন্দিরে দেবী প্রতিমা সাজলেন রণসাজে। এদিন মৃৎশিল্পী তারক চন্দ দেবী দুর্গার দশ হাতে একের পর এক অস্ত্র তুলে দেন। দেবীর এই রণসাজ্জা দেখতে এদিন মন্দিরে ব্যাপক ভিড় লক্ষ্য করা যায়।

শিল্পী তারক চন্দ জানান, একটানা তিন পুরুষ ধরে তাদের পরিবারের সদস্যরাই এই প্রতিমা গড়ে আসছেন। তিনি ২০ বছর ধরে বড় ষোলোআনার মন্দিরে প্রতিমা গড়ে আসছেন। যেহেতু মা মহালয়ার দিন রণসাজে সাজেন তাই মহালয়ার আগে প্রতিমা গড়া এবং সাজানোর কাজ শেষ করতে হয়। প্রতিবছর মায়ের জন্য কলকাতার কুমারটুলি থেকে ডাকের সাজ এনে সাবেকি একচালার দেবী প্রতিমা সাজানো হয় মহালয়া আগেই। মহালয়ার দিন শুধু দেবীর হাতে অস্ত্র তুলে দেওয়া হয়। এবার মহাষষ্টির দিন মাকে সাজানো হবে অলঙ্কারে জগতের মা হিসাবে।
বড়ষোলোআনা দুর্গাপূজা কমিটির সাধারণ সম্পাদক নান্টু কুন্ডু জানান যে, এবছর তাদের দুর্গাপূজা ১৭৩ বছরে পা দিল। এই দুর্গাপূজা জেলার ঐতিহ্যবাহী পূজাগুলির অন্যতম। মহালয়ার দিন থেকে কার্যত দেবীর আরাধনার কাজ শুরু হয়ে গেল।

