গড গিফটেড! স্বয়ং ঈশ্বর পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, রাজ চক্রবর্তীকে সমর্থন করে বললেন মন্ত্রী পার্থ ভৌমিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৩ অক্টোবর: তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীর পর এবার রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঈশ্বরের দূত বলে দাবি করলেন। রাজ্যের জলসম্পদ মন্ত্রী পার্থ ভৌমিকের দাবি, চাইলেই কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারেন না। মমতা বন্দ্যোপাধ্যায়দের ঈশ্বর স্বয়ং পাঠান।

রবিবার দুপুরে বারাসতের ঐতিহ্যবাহী পায়োনিয়ার অ্যাথলেটিক ক্লাবের পুজো মণ্ডপের উদ্বোধনে আসেন মন্ত্রী পার্থ ভৌমিক। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে ফের একবার দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও লতা মঙ্গেসকরের তুলনা করেন পার্থবাবু। এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমোর রাজনৈতিক জীবনের একের পর এক উদাহরণ তুলে ধরেন তিনি।

পার্থবাবু বলেন, “ইচ্ছে হলেই যে কেউ মমতা বন্দ্যোপাধ্যায় হতে পারবেন না। তার আত্মত্যাগ ও রাজনৈতিক কর্মকাণ্ড বাংলার মানুষের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় হওয়া সম্ভব নয়। এরা গড গিফটেড। ভগবান এদের তৈরি করে পাঠিয়েছেন।”

এদিন দুর্নীতির প্রসঙ্গ উঠে এসেছে মন্ত্রীর গলায়। পার্থ ভৌমিকের কথায়, “কোনো চিকিৎসক যদি চিকিৎসা করতে গিয়ে ভুল করেন তাহলে সমগ্র চিকিৎসক সমাজকে যেমন সেই ঘটনার সঙ্গে যুক্ত করা ঠিক নয়, তেমনি কোনো নেতা মন্ত্রী যদি দুর্নীতি করে থাকেন তাহলে তার দায় তৃণমূলের ঘাড়ে চাপানো সঠিক নয়। দুর্নীতির দায় একান্তই ব্যক্তিগত। বিরোধীরা যতই মমতা বন্দ্যোপাধ্যায়ের সাদা শাড়িতে কালি ছেটানোর চেষ্টা করুন তা কিছুতেই পারবেন না তারা।”

দিন কয়েক আগে বনগাঁয় দলের বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের মঞ্চ থেকে তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তী দুই কিংবদন্তি শচীন টেন্ডুলকার ও লতা মঙ্গেশকরের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করেছিলেন। যা নিয়ে বিস্তর জল ঘোলা হয়। তা নিয়ে প্রশ্ন করা হলে পার্থবাবু বলেন, রাজ চক্রবর্তীর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে। আমি শুধুমাত্র তাঁরই জবাব দিয়েছি। আমি আবারো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়রা জোর করে তৈরি হন না, এরা তৈরি হন জন্মগতভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *