আমাদের ভারত, ২৩ অক্টোবর: রাজ্য সরকারের সমীক্ষার রিপোর্ট প্রকাশ করার পর, দারুল উলুম দেওবন্দকে অবৈধ স্বীকৃতিহীন মাদ্রাসা হিসেবে ঘোষণা করল যোগী রাজ্যের সাহারানপুর জেলা প্রশাসন। একই সঙ্গে আরও ৩০০-র কাছাকাছি স্বীকৃতিহীন মাদ্রাসার নাম জানিয়েছে জেলা প্রশাসন।
জেলার সংখ্যালঘু কল্যাণ আধিকারিক ভরত লাল গণ্ড জানিয়েছেন, তিনশোর কাছাকাছি মাদ্রাসাকে চিহ্নিত করে তাদের নাম প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। দারুল উলুম দেওবন্দও একটি অবৈধ মাদ্রাসা। ফলে ওই প্রতিষ্ঠান স্কলারশিপ ও অন্যান্য প্রাপ্য থেকে বঞ্চিত হবে।
প্রশাসনের নির্দিষ্ট করা মাপকাঠির ভিত্তিতে তদন্ত করা হয়েছে। যেমন মাদ্রাসাগুলি কবে প্রতিষ্ঠা করা হয়েছে, মাদ্রাসার নাম ও তার উপার্জনের বিষয়টি অনুসন্ধান করা হয়েছে। আধিকারিকরা জানিয়েছেন, প্রশাসন যে সিদ্ধান্ত নেবে তার উপর ভিত্তি করে অভিযোগ দায়ের হবে।
সাম্প্রতিক সমীক্ষায় উত্তরপ্রদেশের ৭ হাজার স্বীকৃতিহীন মাদ্রাসাকে চিহ্নিত করা হয়েছে। সমীক্ষা করা হয়েছিল, স্বীকৃতিহীন মাদ্রাসা গুলিকে আইনি স্বীকৃতি দেওয়ার কথা ভেবে।
তবে তার আগে সরকারি চাহিদামত বাধ্যতামূলক নিয়ম মানার কথা জানানো হয়েছিল। জেলাশাসকরা তাদের রিপোর্ট পেশ করার পরে স্বীকৃতিহীন মাদ্রাসাগুলির চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান ইফতিকার আহমেদ জাবেদ জানিয়েছেন, স্বীকৃত মাদ্রাসার তালিকা তৈরি করতে কিছুদিন সময় লাগবে। তবে এখনো পর্যন্ত ৭৫ টি জেলায় সাড়ে সাত হাজার মত মাদ্রাসা চিহ্নিত করা হয়েছে।

