কলকাতায় বাংলাদেশ উপ-দূতাবাসে পালিত গণহত্যা দিবস

আমাদের ভারত, কলকাতা, ২৫ মার্চ: আন্তর্জাতিক স্বীকৃতির দাবি জানিয়ে বাংলাদেশ উপ-দূতাবাস, কলকাতায় পালিত হল গণহত্যা দিবস।

এক প্রেস বিজ্ঞপ্তিতে উপ-দূতাবাসের প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন জানান, “বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী প্রেরিত বাণী পাঠ করে শোনান যথাক্রমে কাউন্সিলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সিলর (কনস্যুলার) মো: বশির উদ্দিন। এরপর গণহত্যা দিবস হিসেবে নির্মিত দুটো তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উপ-হাইকমিশনার তৌফিক হাসান স্বাগত ভাষন দেন। তিনি বলেন, ২৫ মার্চ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে কাজ করে যাচ্ছে বাংলাদেশ সরকার।

বিশেষ অতিথির বক্তব্যে দূরদর্শন কলকাতার সাবেক পরিচালক অভিজিত দাসগুপ্ত তার বক্তব্যে গণহত্যার প্রমাণে ১৯৭১ সালের বিভিন্ন ছবি বিদেশের বিভিন্ন আর্কাইভ থেকে সংগ্রহের সরকারি উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান। কলকাতা প্রেসক্লাবের সভাপতি স্নেহাশিস সুর বলেন, আন্তর্জাতিক স্বীকৃত তথ্য অনুসারেই ২৫ মার্চ ঢাকায় ১০ হাজার মানুষকে হত্যা করা হয়। সেই গণহত্যার ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে হবে। উপ-দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) মিজ সানজিদা জেসমিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *