রাজেন রায়, কলকাতা, ১১ এপ্রিল: শনিবার সন্ধ্যায় প্রথমে কোনও ঘটনা থেকে অগ্নিকাণ্ড। তারপর আচমকাই প্রবল বিস্ফোরণ। যার জেরে কেঁপে উঠল রীতিমতো পুরো এলাকা। ভোট বাজারে বোমাবাজি ভেবেও আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন।
বিস্ফোরণের দাপটে আগুন লেগে যায় একটি আবাসনের সামানের ঝুপড়িতে। দমকলের ২টি ইঞ্জিন এসে শেষপর্যন্ত পরিস্থিতি আয়ত্বে আনে। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘটনাটি ঘটেছে অমরাবতীতে ফুটপাতের একটি দোকানে। দমকল সূত্রে জানা গিয়েছে, প্রথমে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। ওই দোকানে অটোর জন্য ‘কাটা গ্যাস’ ভরা হত। তার জন্য ভেতরে মজুত ছিল অনেক সিলিন্ডার। এমনটাই দাবি এলাকাবাসীদের। এদিনও কোনও ভাবে কাটা গ্যাস ভরতে গিয়ে আগুন লেগে যায়।

একের পর এক সিলিন্ডার বিস্ফোরণ হতে থাকে। আতঙ্ক ছড়ায় এলাকায়। অগ্নিকাণ্ডে আহত হন স্থানীয় বেশ কিছু মানুষজন এবং পার্শ্ববর্তী আবাসনের বাসিন্দারা। যদিও মৃত্যুর খবর পাওয়া যায়নি। আগুন ছড়ায় ফুটপাত লাগোয়া একাধিক ছোট দোকানেও। আগুনের খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে দমকলের ২টি ইঞ্জিন। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। কিভাবে সকলের নজর এড়িয়ে ওই দোকানেই কুকীর্তি চলছিল, তা বিস্তারিত খতিয়ে দেখা হবে বলে জানা গিয়েছে।
দেখুন ভিডিও

