আমাদের ভারত, ১১ এপ্রিল: ভোটের প্রচার সংক্রান্ত বিষয়ে বড় সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। চতুর্থ দফার ভোট শেষ হতেই বদল করা হল ভোট প্রচারের নিয়ম বিধিতেও। এবার থেকে ৪৮ ঘণ্টা নয় ৭২ ঘণ্টা আগেই বন্ধ করে দিতে হবে ভোটের প্রচার। শনিবার রাতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
ইতিমধ্যেই চার দফার ভোট হয়েছে রাজ্যে। শনিবার চতুর্থ দফার ভোটে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জনের মৃত্যু হয়েছে বাহিনীর গুলিতে। ভোটের হিংসার কারণে এবার নড়েচড়ে বসল কমিশন। প্রচারের সময় কোনও রকম উস্কানিমূলক মন্তব্য বা অপ্রীতিকর ঘটনাকে বা পরিস্থিতিকে এড়াতে এবার থেকে প্রতিটি দফার ৭২ ঘণ্টা আগেই প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হলো। এখন চার দফার ভোট প্রক্রিয়া বাকি। আগামী ১৭, ২২, ২৬, ২৯ এপ্রিল ভোট হবে। তার আগে নতুন নিয়ম অনুযায়ী বাকি চার দফার সব প্রার্থীরা প্রচারের জন্য তুলনামূলকভাবে সময় কম পাবেন।
নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রেক্ষিতে তৃণমূল সাংসদ দোলা সেন বলেছেন, “দেশে জরুরি অবস্থা ঘোষণা হল বলে”। তার অভিযোগ, নির্বাচন কমিশন বিজেপির দাসে পরিণত হয়েছে। অন্যদিকে আগের দফাগুলির প্রার্থীরা বেশি সময় পাওয়ায় পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে শুরু করেছে।
শনিবার শীতলকুচির ঘটনার পর থেকেই আরও কড়া হয়েছে নির্বাচন কমিশন। কোচবিহারে বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আগামী ৭২ ঘণ্টার জন্য কোনও রাজনৈতিক দলের নেতাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় রবিবারে ঘটনাস্থলে যাবেন বলে ঘোষণা করেছেন। সে ক্ষেত্রে আর এটা সম্ভব নয় বলে মনে করা হচ্ছে।

