গারুলিয়া পৌরসভার উদ্যোগে শুরু হল দুয়ারে পৌরসভা কর্মসূচি, প্রতি শনি ও রবিবার পরিষেবা পাবে এলাকাবাসীরা

আমাদের ভারত, ব্যারাকপুর, ৪ ডিসেম্বর: রাজ্য সরকারের কর্মসূচি দুয়ারে সরকারের সাফল্যের পর এবার গারুলিয়া পৌরসভার উদ্যোগে শুরু হল দুয়ারে পৌরসভা কর্মসূচি। প্রতি শনি ও রবিবার গারুলিয়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পৌর পরিষেবা পৌঁছে দেবার জন্য শুরু হল এই কর্মসূচি। এদিন গারুলিয়া
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত তেমাথা দুর্গা মন্ডপে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন গারুলিয়া পৌর সভার ৫, ৪, ৬ এবং ১১ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য দুয়ারে পৌরসভা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার গারুলিয়া পৌর সভার একেকটি ওয়ার্ডে দুয়ারে পৌরসভা নিয়ে পৌঁছে যাবেন পৌর কর্মীরা। এই ক্যাম্পে
এলাকাবাসীর সুবিধার্থে মিউটেশন, বাড়ি ও জমির খাজনা সক্রান্ত পরিষেবা, নতুন জলের লাইন নেওয়া সংক্রান্ত পরিষেবা থেকে শুরু করে সমস্ত রকমের পৌর পরিষেবা সংক্রান্ত যাবতীয় কাজ বাড়ির কাছে আয়োজিত এই ক্যাম্পের মাধ্যমে করাতে পারবেন এলাকাবাসীরা।

এই উদ্যোগ প্রসঙ্গে গারুলিয়া পৌর সভার পৌর প্রশাসক রমেন দাস বলেন, “আমরা এলাকাবাসীর সাথে কথা বলে বুঝেছিলাম যে শনি ও রবিবার পৌর সভার কাজ বন্ধ থাকে কিন্তু সেই সময় অনেক বাসিন্দাদের কর্মক্ষেত্র বন্ধ থাকে ফলে তখন তাদের পৌর সভার বিভিন্ন কাজ করার সুযোগ থাকে তাই আমরা শনি ও রবিবারটাকে বেছে নিয়েছি দুয়ারে পৌরসভার কর্মসূচির মাধ্যমে পৌর পরিষেবা সংক্রান্ত কাজ চালিয়ে যাওয়ার জন্য। আর পৌরসভা দুয়ারে পৌঁছে যাওয়া ফলে বাড়ির মহিলারাও খাজনা জমা দেওয়া, মিউটেশন সংক্রান্ত কাজ বা অন্যান্য পৌর পরিসেবা সংক্রান্ত কাজও এখানে খুব সহজে এসে করাতে পারবেন। তাতে এলাকাবাসীর সুবিধা হবে। আমরা পৌরসভাকে মানুষের আরো কাছে, দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে চাই তাই এই কর্মসূচি নিয়েছি।

মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, পৌরসভাকে মানুষের কাছে নিয়ে যেতে হবে আর আমরা সেটাই করতে চাই তাই আজ থেকে এই কর্মসূচি গ্রহণ করা হল। আগামী কাল রবিবার এই কর্মসূচি হওয়া কথা থাকলেও সেটা ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়ার জন্য বন্ধ রাখা হবে। কিন্তু আগামী সপ্তাহ থেকে আবার শনি ও রবিবার এই কর্মসূচি অনুষ্ঠিত হবে ওয়ার্ডে ওয়ার্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *