সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৪ ডিসেম্বর: কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের কথা চিন্তা করে পেট্রোলের দাম লিটার প্রতি ৫ টাকা, ডিজেলের দাম দশ টাকা কমিয়ে সব রাজ্যের সরকারকে দাম কমানোর আবেদন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্য রাজ্য সেই অনুরোধ মেনে দাম কমালেও আমাদের রাজ্যে দিদিমণি চোর, গুন্ডা, মস্তানদের জন্য মদের দাম কমিয়ে দিলেন। আজ বিজেপির উদ্যেগে আয়োজিত এক প্রতিবাদ পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মমতার সমালোচনা করে তিনি বলেন, কিছুদিন আগে দিদিমণি স্কুটি চালিয়ে রাস্তায় বের হন, কেন না পেট্রোল ডিজেলের অস্বাভাবিক দাম, এর প্রতিবাদ জানাতে তিনি গাড়ি ছেড়ে স্কুটিতে বের হন, কিন্তু সেটাও ঠিকমতো চালাতে পারছেন না, আর রাজ্যও ঠিকমতো চালাতে পারছেন না।

প্রাকৃতিক দুর্যোগের ভ্রূকূটি সত্বেও এদিনের সভায় প্রায় পাঁচ হাজারের অধিক মানুষের উপস্থিতিতে উৎফুল্ল বিজেপির রাজ্য সভাপতি সুকান্তবাবু একদা হিন্দু মহাসভার গড় হিসাবে অভিহিত বাকুঁড়ায় আসতে পেরে গর্ববোধ করে বলেন, তৃণমূলকে বিশ্বাস করে এখানকার মানুষ সিপিএমের সাংসদ বাসুদেব আচার্যকে হারিয়ে এক সিনেমার নায়িকাকে সাংসদ নির্বাচিত করেন।পরে মানুষ ভুল বুঝতে পারেন এবং বিজেপির প্রার্থী সুভাষ সরকারকে নির্বাচিত করেন। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে কেন্দ্রীয় মন্ত্রী সভায় শিক্ষা মন্ত্রী করে উপযুক্ত মর্যাদা দিয়েছেন।
মমতার সরকারের তীব্র সমালোচনা করে এদিন তিনি বলেন, দিদিমণি শ্লোগান তুলেছেন এগিয়ে বাংলা, এতে আমাদের লজ্জা লাগে। প্রাইমারি, টেট পরীক্ষাই ঠিকমতো করতে পারেননি, ছেলেরা বেকার হয়ে পড়ে আছে, আর তার দলের ছোট বড় নেতারা চাকরির লোভ দেখিয়ে টাকা তুলছেন।আবার আদিবাসীদের সংস্কৃতিকে অপমান করে মদের নাম দিলেন ঝুমুর।আমাদের দলের পক্ষ থেকে এর প্রতিবাদ করা হলে নাম পাল্টে মদের নাম দিলেন মহুয়া। তিনি বলেন, একটু ধৈর্য্য ধরুন, এই সরকার পাঁচ বছর টিকবে না। রাজ্যের ভার পড়বে বিজেপির উপর। তখন দেখবেন ছোট বড় কোনও চোর আর ছাড়া পাবে না। বাকুঁড়া পৌরসভার এক প্রাক্তন চেয়ারম্যান এক সময় একটি হার্ডওয়্যারের দোকান করতেন, চেয়ারম্যান হয়ে তিনি এখন কোটিপতি। এরা কেউ ছাড়া পাবেন না। তিনি বলেন, দিদিমনি ভোটের আগে শ্লোগান তোলেন খেলা হবে। খেলা একক ভাবে হয় না, দিদিমনি- এর জন্য প্রতিপক্ষ দরকার, এবার বিজেপি খেলবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

এদিন জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ পথসভায় যোগ দিতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বাকুড়ায় আসেন। বেলা বারোটা নাগাদ লালবাজার হিন্দু স্কুল মাঠ থেকে এক মিছিলে সুকান্তবাবু নেতৃত্ব দেন। সেই মিছিলে পুষ্প বৃষ্টি করে তাকে স্বাগত জানানো হয়।
এদিনের পথসভায় সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার, জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র, জেলা থেকে নির্বাচিত বিধায়কেরা উপস্থিত ছিলেন।

