রাজেন রায়, কলকাতা, ৪ জানুয়ারি: করোনা পরিস্থিতি যতই বাড়বাড়ন্ত থাকুক, মানুষের ধর্মীয় আবেগ নিয়ে ঝুঁকি নিতে বিন্দুমাত্র নারাজ প্রশাসন। তাই সব রকম প্রস্তুতি রেখেই গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চলছে তুঙ্গে। রাজ্যের মুখ্যমন্ত্রী পরিস্থিতি খতিয়ে দেখার জন্য দিন কয়েক আগেই গঙ্গাসাগর গিয়েছিলেন এবং ছিলেন সেখানে দিন তিনেক। সেখান থেকেই তিনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আংশিক লকডাউনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিলেন। রাজ্যে এই মুহূর্তে আংশিক লকডাউন শুরু হয়েছে। তবে বিরোধীরা বারবার বলছিলেন এই পরিস্থিতিতে গঙ্গাসাগর মেলা বন্ধ করে দিক সরকার, সকলেই তাকিয়ে ছিলেন সরকারের পদক্ষেপের দিকে।
গঙ্গাসাগর মেলা নিয়ে আজ বৈঠক করেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, তিনি জানিয়েছেন মেলা হবে।
বৈঠকে মেলার সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। ৭ তারিখ থেকে গঙ্গা সাগর মেলা হবে। তার জন্য প্রয়োজনীয় কিছু বিধি নিষেধের কথা বলেছেন। বাবুঘাটে থাকবে বিশেষ ব্যবস্থা। কারণ বহু পুণ্যার্থী বাবুঘাট হয়েই গঙ্গাসাগর যান। সেখানে এবার ভ্যাকসিন সেন্টার থাকবে। কলকাতা পুরসভার তরফ থেকে বিশেষ ক্যাম্প করা হবে। একই সঙ্গে জানানো হয়েছে প্রতিবারের মতোই থাকবে পর্যাপ্ত বাসের ব্যবস্থা।
আউট্রাম ঘাটে ভ্যাকসিনের ব্যবস্থা থাকবে, কোভিড টেস্টের ব্যবস্থা থাকবে। কারো মেলায় গিয়ে শরীর খারাপ হলে তাদের জন্য আইসলেশনের ব্যবস্থা থাকবে। করোনার এই ওয়েভে অক্সিজেন খুব একটা লাগছে না বলেই জানিয়েছেন কলকাতার মেয়র, তবে তিনি বলেন, প্রয়োজনের জন্য অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় জিনিস রাখা থাকবে অর্থাৎ সমস্ত রকমের প্রিকোশন নেওয়া হবে সেখানের মানুষের জন্য।

